২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবিষ্যৎ নির্মাণের পরিকল্পনায় যুবকদের সম্পৃক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

করোনাভাইরাস সঙ্কট মোকাবেলা করে যুবকদের জন্য স্থিতিশীল ও টেকসই ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত গ্রহণ, ধারণা ও উদ্ভাবনের ক্ষেত্রে তাদেরকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2020, 12:42 AM

Updated : 08 Apr 2022, 01:08 AM

সোমবার দু’দিনব্যাপী ‘ঢাকা-ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০’ ভার্চুয়ালি উদ্বোধন করতে গিয়ে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, “কোভিড-১৯ পরিস্থিতিতে যুবকদের স্থিতিশীল ও টেকসই ভবিষ্যতের জন্যে সিদ্ধান্ত গ্রহণ, ধারণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নিজেদের সম্পৃক্ত করার সুবর্ণ সুযোগ রয়েছে। প্রাণবন্ত যুবকরা তা দেখাতে সক্ষম হবে বলে আমরা আশা করি।”

‘সমতা ও সমৃদ্ধি : একটি স্থিতিশীল ভবিষ্যতের জন্য’ এই শিরোনামে দু’দিন ব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে।

শেখ হাসিনা বলেন, “এটা দেখা যাচ্ছে যে, প্রাকৃতিক পরিবেশের লালিত মানুষ এই মহামারীর সঙ্গে ভালোভাবেই লড়াই করছে। তাই আমাদের অবশ্যই দৈনন্দিন জীবনে মৌলিক প্রাকৃতিক পরিবেশ বজায় রাখতে একসঙ্গে কাজ করতে হবে।”

প্রধানমন্ত্রী মহামারী পরবর্তী ‘বৈশ্বিক অর্থনৈতিক শৃঙ্খলা পুনর্গঠনের’ জন্য তিনটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

তিনি বলেন, “প্রথমত, উদ্বেগের কারণে সুরক্ষাবাদের নামে বাণিজ্যিক ক্ষেত্রে আরও নিয়ন্ত্রণ, অভিবাসন ও ভিসা নীতিমালা আরও কঠোর হতে পারে। তবে, এটি মহামারী মোকাবিলার জন্য বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে।

“দ্বিতীয়ত, এটা পরিষ্কার যে কোভিড-১৯ এর কারণে অর্থনৈতিক ক্ষতি ২০০৮-০৯ এর অর্থনৈতিক সঙ্কটকে ছাড়াবে। তবে, নেটওয়ার্কযুক্ত অর্থায়ন ও সম্পদ সৃষ্টির নতুন মাত্রা যোগ করবে।

“তৃতীয়ত, এরূপ অর্থনীতির ওপর এতবড় অভিঘাত গত কয়েক দশকেও দেখা যায়নি। শুধু ১০ এপ্রিলের মধ্যে বিশ্বের সরকারগুলো বিশ্বব্যাপী ১০.৬ ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি প্রণোদনা পরিকল্পনা ঘোষণা করেছিলো। এটি আটটি মার্শাল প্ল্যানের সমতুল্য।”

প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারী সর্বত্র সরকার, বেসরকারি খাত, আন্তর্জাতিক সম্প্রদায় এবং অন্যান্য নেতৃবৃন্দের কাছে অস্বাভাবিক দাবি জানাচ্ছে।

“একটি সঙ্কটের সময়ে কী ধরনের নেতৃত্ব প্রয়োজন, তা পুনর্নির্ধারিত পরিকল্পনায় হয় না বরং এই প্রক্রিয়ায় জড়িত মানুষের আচরণ ও মানসিকতায় তা গড়ে ওঠে।”

প্রধানমন্ত্রী বলেন, খাদ্যে নিরাপত্তা অর্জন, স্বাস্থ্য ও স্যানিটেশন উন্নতি ও লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও নারী ক্ষমতায়নে বাংলাদেশ উল্লেখযোগ্য অবদান রেখেছে।

শেখ হাসিনা উল্লেখ করেন, আগামী তিন দশকে বিশ্বব্যাপী তিনটি দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির একটি হিসেবে বিশ্বব্যাপী মূল্যায়ন অভিক্ষেপণ বাংলাদেশের দিকে।

“২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ২৬তম বৃহত্তম অর্থনীতি এবং ২০৫০ সালের মধ্যে ২৩তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে।”

‘ডিজিটাল বাংলাদেশ’র জন্য তার সরকারের ভিশন-২০২১ এর প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এটি শুধু ৫৩ মিলিয়ন তরুণের ডিজিটাল সৃজনশীলতা উন্মোচনের নীলনকশা নয়, বরং এটি বাংলাদেশের প্রাক-কোভিড-১৯ জিডিপি প্রবৃদ্ধির হার ৮.১৩ শতাংশ পর্যন্ত দ্রুত ট্র্যাক করতে সক্ষম হয়েছে।”

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার বিষয়টি তুল ধরে তিনি ওআইসি এবং এর সব সদস্য রাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে নির্যাতিত এই জনগোষ্ঠীর প্রতি তাদের উদার সহায়তা দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

শেখ হাসিনা ‘ঢাকা-ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০’ অনুষ্ঠানের জন্য আয়োজকদের অভিনন্দন জানান এবং ঢাকাকে সম্মেলনস্থল হিসেবে বেছে নেওয়ার জন্য ইসলামিক কোঅপারেশন ইয়ুথ ফোরামকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) সারা বিশ্বের ১.৮ বিলিয়নেরও বেশি মানুষের আকাঙ্ক্ষার প্রতীক।

ওআইসি মহাসচিব ইউসুফ বিন আহমেদ আল-ওছাইমেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, আজারবাইজানের যুব ও ক্রীড়ামন্ত্রী আজাদ রহিমভ, কাতারের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী সালাহ বিন গনিম আল আলী, ইসলামিক কো অপারেশন ইয়ুথ ফোরামের সভাপতি তাহা আইহান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এর আগে কাতারের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে দোহা থেকে ওআইসি যুব রাজধানী চাবি ঢাকায় হস্তান্তর করেন।