‘গাড়ি চোর চক্রের’ ১০ জন গ্রেপ্তার
দেশের বিভিন্ন এলাকায় গাড়ি চুরি এবং পরে মালিকের কাছ থেকে অর্থ আদায়ে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমা জানান, রোববার কামরাঙ্গীরচর, নারায়ণগঞ্জ ও গাজীপুরে অভিযান চালিয়ে ওই দশজনকে তারা গ্রেপ্তার করেন।
তাদের কাছ থেকে দুটি চোরাই গাড়ি জব্দ করা হয়েছে জানিয়ে কানিজ ফাতেমা বলেন, “এই চক্রটি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গাড়ি পছন্দ করত এবং সুবিধাজনক সময়ে চুরি করত।”
গাড়ির মালিক চুরির অভিযোগ নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে গেছেন কি না, সেই খবরও এ চক্র রাখত জানিয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার বলেন, “তারা পরে ওই মালিকের সঙ্গে যোগাযোগ করে গাড়ি ফেরত দেওয়ার বিনিময়ে বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিত।”
সিআইডি বলছে, এই দশজনের মধ্যে কেউ সরাসরি চুরির সঙ্গে জড়িত, কেউ চোরাই গাড়ি পাহারা দিত; আবার কেউ বিকাশের মাধ্যমে টাকা সংগ্রহ করত। প্রতিটি ঘটনায় এই চক্রের সদস্যরা নতুন মোবাইল সিম ব্যবহার করত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই চক্রের সদস্যরা এ পর্যন্ত ১৬-১৭টি গাড়ি চুরির কথা স্বীকার করেছে জানিয়ে বিশেষ পুলিশ সুপার বলেন, “চুরি করা গাড়ির মালিকের কাছ থেকে টাকা আদায় করতে না পারলে তারা গাড়ির যন্ত্রাংশ বিক্রি করে দিত।”
গ্রেপ্তার এই ১০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা কানিজ।
