বর্ষা এলেই ঢাকার নিম্নাঞ্চলে দুর্ভোগ
রাজধানীর পূর্বাঞ্চলের বেশিরভাগ সড়কে পানি নিষ্কাশনের নালা নেই, যা আছে তাও মাটি-বালিতে ভরাট হয়ে গেছে। তাই হালকা বৃষ্টি হলেই তলিয়ে যায় এলাকার রাস্তাঘাট, পানি ঢুকে পড়ে ঘর-দোকানে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষায় ভোগান্তি পোহাতে হয় তাদের।
গেল সপ্তাহে টানা কয়েক দিনের বৃষ্টিতে কোমর সমান পানি মাড়াতে হয়েছে ওই এলাকার রাস্তায় চলতে। কারও কারও ঘরে ঢুকে গেছে ময়লায় ভরা দুর্গন্ধময় পানি।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, গত শুক্রবার ১০ মিলিমিটার বৃষ্টি হয় ঢাকায়। পরদিন শনিবার ২০, রোববার ১৯, সোমবার ৮৭, মঙ্গলবার ৪৩ ও বুধবার ৪৬ মিলিমিটার বৃষ্টি হয়।
পানি উঠেছে বাড়ির উঠানে। গত বুধবার বাড্ডার আদর্শনগর থেকে তোলা ছবি।
বুধবারের পর থেকে ঢাকায় তেমন বৃষ্টি না হলেও শনিবারও এসব এলাকার কয়েকটি সড়কে পানি জমে ছিল।
বুধবার বাড্ডার আদর্শনগর, বাগানবাড়ি, বড় টেক এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তায় পানি জমে আছে। অনেক বাড়ির নিচতলায়, দোকানে পানি উঠেছে। বড়টেক এলাকায় যাওয়ার সড়কে পানি কোমর সমান। পানির কারণে এসব এলাকায় যান্ত্রিক বাহন চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় যাতায়াতের একমাত্র বাহন হয়ে ওঠে রিকশা।
বাড্ডার এই গৃহিণী পানিতে দাঁড়িয়েই করছেন রান্না। বুধবারের ছবি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েক দিনের বৃষ্টিতে পানি ঘরের ভেতরে চলে এসেছে। রান্না করতে হচ্ছে পানিতে দাঁড়িয়ে।
“এই কয়েক দিন পানি উঠানে ছিল। সোম-মঙ্গলবারের বৃষ্টিতে পানি ঘরের ভেতরে। এতদিন আইছে, বারান্দায় আছিল। কালকা ঘরে উইডা গেছে।”
শনিবারও পানি জমে আছে নূরের চালা বাজার রোডে।
“অনেক পানি, বাসার ভেতরে ঢুকতে পারতেছি না। চুলা পানির নিচে পইড়া আছে। রান্না-বান্না চলতেছে না।”
শনিবার মেহেরজানের বাড়িতে গেলে তিনি জানান, শুক্রবার পানি সরে গেছে। তবে পূর্ব বাড্ডা সেকান্দরপাড়ায় সড়কে তখনও পানি ছিল।
মঙ্গল ও বুধবার নূরের চালা বাজার রোড, মসজিদ রোড, সাঈদনগর, নূরের চালা পূর্ব পাড়া, পূরবী মোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে কোনো সড়কে হাঁটু পা্নি, কোথাও কোমর পর্যন্ত পানি জমে থাকতে দেখা যায়।
শনিবারও পানি জমে আছে নূরের চালা বাজার রোডে।
“এই এলাকার ড্রেন সরু। এ কারণে পানি গিয়ে শেষ হতে পারে না। ফলে পানি রাস্তায় থাকে। আমাদের এখানকার চেয়ে নামার দিকে পানি আরও বেশি হয়। সেখানে কোমর সমান পানি জমে আছে।”
নূরের চালা বাজার রোডের বাসিন্দা আলমগীর হোসেন জানান, বর্ষায় এই সড়কে সব সময় এক থেকে দেড় ফুট পর্যন্ত পানি জমে থাকে। তবে বৃষ্টিতে পানি আরও বেড়ে গেছে। এ কারণে দুর্ভোগ বেড়েছে এলাকার মানুষের।
“মানুষ এই রাস্তায় চলাফেরা করতে পারে না। সবার সমস্যা হচ্ছে। প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এইখানে পানি যাওয়ার জন্য যে লাইন করেছে সেটা ভরে গেছে।”
কারখানা থেকে পানি সরানো হচ্ছে পাম্পের সাহায্যে। শনিবার নূরের চালা সাঈদনগরের ছবি
সবচেয়ে বেশি পানি সাঈদনগর এলাকায়। ওই এলাকায় একটি স্টিল কাটার কারখানায় পাম্প বসিয়ে পানি সরানোর চেষ্টা করছিলেন কর্মীরা।
দালিস মাহমুদ নামে তাদের একজন কর্মী বলেন, “বর্ষাকাল শুরু হওয়ার পর সড়কের এই অংশ থেকে পানি আর সরেনি। গত ১৫ দিন ধরে পানি জমে আছে কারখানার ভেতরে।
“ভিতরে হাঁটু পানি জমছে, কারখানা বন্ধ করে দিতে হইছে। পানি সরাইয়া কারখানা চালু করার চেষ্টা করতেছি। আর সামনের রাস্তায় কোমর সমান পানি হইয়া যায়।”
এই কারখানার ভেতরেও কোমর সমান পানি উঠেছিল। এখন কিছুটা কমেছে। শনিবার নূরের চালা সাঈদনগরের ছবি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবারও তার বাড়ির সামনের সড়কে পানি জমে ছিল। পুরানো ড্রেনেজ ব্যবস্থার কারণে এসব এলাকায় বৃষ্টির পানি সরতে পারে না।
“আমরা নিচু এলাকার মানুষ। সিটি করপোরেশনের আওতায় এসেছে সম্প্রতি। আগে কোনো ড্রেনেজ সিস্টেম ছিল না। এলাকার মানুষ নিজেরা উদ্যোগ নিয়ে কিছু পাইপ বসিয়েছি। সরু এই পাইপ দিয়ে এত পরিমাণ পানি যেতে পারে না।”
বৃষ্টি হলেই সোলমাইদ খন্দকার বাড়ির মোড়, সরকারবাড়ির মোড়, বেপারী পাড়া, পাকা মসজিদ, পূর্বপাড়াসহ পুরো এলাকায় পানি জমে যায় বলে জানিয়েছেন ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নজরুল ইসলাম ঢালী।
ঘরে পানি ঢুকেছে, বাসিন্দাদের বেশিরভাগ অন্য জায়গায় চলে গেছেন। শনিবার নূরের চালা সাঈদনগরের ছবি
“রাস্তায় দেড় ফুট, দুই ফুটের পাইপ। মানুষ বাড়ির কাজ করতে গিয়া রাস্তায় বালু রাখে। সেই বালু পাইপে গিয়ে, ময়লা জমে পাইপ জ্যাম হয়ে গেছে। কোনো মতে পানি যেতে পারে। এ কারণে পুরো ওয়ার্ডেই পানি জমে যায়। দুদিন ধরে বৃষ্টি কমায় পানিও কিছুটা সরছে।
এসব ওয়ার্ডের ড্রেনেজ সিস্টেম আধুনিকায়নের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “টেন্ডার হয়েছে। সামনেই হয়ত কাজ শুরু হয়ে যাবে। আশা করছি. এই সমস্যা থাকবে না।”
সড়কে জমে থাকা পানির মধ্যেই মোটরসাইকেলে যাচ্ছেন এই আরোহী।
“এ কারণে নিচু এলাকার পানি নদীতে যেতে পারছে না। এসব পানি সরতে আরও কিছু দিন সময় লাগবে।”
এই এলাকার সমস্যা সমাধানে ‘শিগগিরই’ কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
তিন দিন বৃষ্টি না হলেও এখনও বাড়ি থেকে সরেনি পানি।
“এই প্রকল্পের আওতায় রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন হবে। এসব এলাকার ১৩টি খালের সাড়ে ২৮ কিলোমিটার অংশেও উন্নয়ন কাজ হবে। আশা করছি, প্রকল্পের কাজ দ্রুতই শুরু করতে পারব। এটা বাস্তবায়ন হলে এসব এলাকায় জলাবদ্ধতাও থাকবে না।”
