মাছ চাষীদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে: স্পিকার
দেশের মৎস্য খাতের উন্নয়নে মাছ চাষীদের প্রশিক্ষণের পাশাপাশি তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর ওপর জোর দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
শনিবার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংসদ ভবনের লেকে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে স্পিকার এ বিষয়ে কথা বলেন।
শিরীন শারমিন বলেন, “মৎস্য চাষীদের কল্যাণ নিশ্চিত করতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। মৎস্য খাতকে আরো উন্নত করতে চাষীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করে তাদের জীবনমান উন্নয়নের চেষ্টা করতে হবে। দেশীয় পুষ্টির চাহিদা পূরণ করে অর্থনীতির চাকাকে সচল রাখতে মৎস্য খাতকে সমৃদ্ধ করতে সকলকে কাজ করতে হবে।”
করোনাভাইরাস মহামারীর মধ্যে নিয়মিত কর্মকাণ্ডের অংশ হিসেবে এমন আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান স্পিকার।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে। নদীমাতৃক বাংলাদেশের বড় সম্পদ মাছের উৎপাদন আরো বৃদ্ধি করার মাধ্যমে অর্থনীতিকে আরো বেগবান করতে হবে।”
পরে স্পিকার সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত করেন। সংসদ ভবন লেকে রুই, কাতলা, মৃগেল ও কালবাউস প্রজাতির ছয় হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়।
সংসদ সচিব জাফর আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও প্রধান হুইপ নূর-ই- আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
