২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে প্রতারণা: দুই নাইজেরীয়সহ ৩ জন রিমান্ডে

অনলাইনে প্রতারণার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দুই নাইজেরীয়সহ তিনজনকে তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2020, 07:32 PM

Updated : 18 Aug 2022, 03:30 PM

পুলিশের আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী বৃহস্পতিবার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই তিন আসামি হলেন- আলবার্ট ইকেচুকু ওরফে ইয, ওকে চুকু ওরফে চুকওয়ামা এবং বাংলাদেশি মোছাম্মত নুপুর খাতুন।

ফেইসবুকে কৌশলে বন্ধু হয়ে উপহার পাঠিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত মঙ্গলবার রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে ১১ নাইজেরীয়সহ ১২ জনকে গ্রেপ্তার করে সিআইডি। পল্লবী থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

এর ধারাবাহিতায় বুধবার রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ওই চক্রের সদস্য আলবার্ট, চুকওয়ামা ও নুপুর খাতুনকে। তাদেরও পল্লবী থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বৃহস্পতিবার ওই তিনজনকে ঢাকার হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন সিআইডির এসআই সজীবুজ্জামান।

বিচারকের প্রশ্নে নুপুর খাতুন বলেন, আসামিদের মধ্যে একজন নাইজেরীয় তার স্বামী। আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ‘ভুল বোঝাবুঝি’ হয়েছে। এর সূত্র ধরে এই মামলা।

দুই নাইজেরীয় আসামির মধ্যে একজন এ সময় বিচারককে বলেন, “উই আর ইনোসেন্ট।”

শুনানি শেষে বিচারক তাদের তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

পুরনো খবর:

ফেইসবুকে প্রতারণা: পল্লবীতে ১১ নাইজেরীয় আটক
ফেইসবুক বন্ধু হয়ে প্রতারণা: ঢাকায় ১৬ নাইজেরীয় আটক