২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার থেকে গ্রেপ্তার ৬ ‘জেএমবি’ রিমান্ডে

ঢাকার সাভার থানার ভাটপাড়া এলাকা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘জেএমবির’ ছয় সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার একটি আদালতের বিচারক।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2020, 01:12 AM

Updated : 18 Aug 2022, 03:30 PM

সন্দেহভাজন জেএমবি সদস্যরা হলেন- ওমর ফারুক ওরফে রুবেল ওরফে সানী (২৮), হাবিবুর রহমান ওরফে বাদশা (৪৮), সাইদুর রহমান ওরফে সাইদুর (৫৫), মাহবুবুর রহমান ওরফে দুদু (৫৫), শফিকুল ইসলাম ওরফে শফিক (৩৭) ও গোলাম মোস্তফা (৫১)।

সোমবার তাদের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে পুলিশ। সাভার মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মারুফ চৌধুরী দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির বাবুল এ তথ্য জানান।

সাভারে ৬ ‘জেএমবি’ গ্রেপ্তার, উগ্রবাদী বই-লিফলেট উদ্ধার  

শনিবার গত রাতে র‌্যাব-৪ এর একটি দল তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেছিলেন, গ্রেপ্তারদের কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট, সাময়িকী, ডিজিটাল কনটেন্টসহ মোবাইল, টর্চ লাইট, ভ্রমণ ব্যাগ, নিত্য ব্যবহার্য পোশাক উদ্ধার করা হয়েছে।

“গ্রেপ্তার ওমর ফারুক সানী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি পেশায় মাদরাসা শিক্ষক। জামালপুর জেলার ঘোড়াধাপ এলাকার জেএমবির শীর্ষ নেতা হাবিবুর রহমান ওরফে বাদশার সঙ্গে পরিচয় সূত্রে জেএমবির দাওয়াত পান। তিনি একজন শীর্ষস্থানীয় জেএমবি নেতার কাছ থেকে বিভিন্ন এনক্রিপটেড সফটওয়্যার ও মোবাইল অ্যাপ সম্পর্কে শিক্ষাগ্রহণ করেন। তিনি পাঁচ বছর ধরে জেএমবির সঙ্গে জড়িত। তার মোবাইল থেকে জেএমবির বর্তমান কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

“হাবিবুর রহমান ওরফে বাদশা জামালপুর সদর থানার ঘোড়াধাপ এলাকায় জেএমবিকে নেতৃত্ব দিয়ে আসছিলেন। গত ১০ বছর ধরে জেএমবির সাথে সক্রিয়ভাবে জড়িত। সহযোগীদের নিয়ে গোপনে মোটিভেশনাল কার্যক্রম পরিচালনা করতেন তিনি। আর ১৯ বছর ধরে জেএমবির সঙ্গে জড়িত সাইদুর রহমান একজন সক্রিয় সদস্য। গোপনে জেএমবিকে আরও শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহ ও অসচ্ছল সদস্যদের মনোবল ধরে রাখতে তিনি বিভিন্ন সময় আর্থিক সহায়তা করে থাকেন।”