২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাতভর বর্ষণে জলাবদ্ধতা, দুর্ভোগে ঢাকাবাসী

রাতভর অবিরাম বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় জলাবদ্ধতার মধ্যে কাজে বের হওয়া শহরবাসীরা দুর্ভোগে পড়েছেন।

সুমন মাহমুদ সুমন মাহমুদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2020, 02:10 PM

Updated : 10 Oct 2022, 07:18 PM

রোববার সকালে রামপুরা, মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, নয়া পল্টন, শাহজাহানপুর, মোমিনবাগ ও গুলবাগ এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তা-ঘাট, বাড়ি-ঘর, দোকানপাটের সামনে পানি আর পানি।

৮টার দিকে বৃষ্টি একটু কমলেও জলাবদ্ধতার কারণে বেলা সাড়ে ১২টা পর্যন্ত রাস্তা-ঘাটের কোথাও কোথাও হাঁটুসমান পানি ডিঙিয়ে রাস্তা পার হতে দেখা গেছে।

পুরান ঢাকা থেকে নয়া পল্টনে আসা শামীমুর রহমান জানান, ভোর বেলায় কামরাঙ্গীরচরে মানুষজনের ঘর-বাড়িতে পানি ঢুকে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমার বাসার নিচের তলায় পানি। নিচের তলার বাসিন্দারা দোতলায় এসে আশ্রয় নিয়েছে। আপনি যদি একবার কামরাঙ্গীর যান, দেখবেন চারিদিকে পানি পানি। খাবার পানিরও সংকট সৃষ্টি হয়েছে সেখানে।”

রামপুরার এলাকার রিকশাচালক মমিন মোল্লা দুচালা একটি ঘরে থাকেন। অবিরাম বৃষ্টিতে তার ঘরে পানি উঠেছে। চৌকির ওপর স্ত্রী, দুই সন্তানকে রেখে রিকশা নিয়ে বেরিয়েছেন তিনি।

তিনি বলেন, “রামপুরা থেকে একটা খেপ নিয়েছি মালিবাগের, দুই ঘণ্টা লেগেছে যেতে। বৃষ্টিতে ভিজে কিছু কামাই করব সেটাও হবে বলে মনে হচ্ছে না স্যার।

“দিনটা কেমনে যাইব বুঝার পারছি না।”

সকাল ১১টায় মালিবাগ থেকে কাকরাইল পর্যন্ত সড়কে বিশাল যানজট সৃষ্টি হয়; থমকে যায় মিনিবাস, প্রাইভেট কার, রিকশা, ঠেলাগাড়ি সব কিছুই।

নয়া পল্টনের সড়কের দুই পাশেই ফুটপাতে দোকানপাট গুলোতেও পানি উঠেছে। গাড়ির শোরুমগুলোতে পানি ছুই ছুই করছে।

একজন রসিকতা করে বলছেন, “ক্যামেরা দিয়া ছবি তুলছেন, ঢাকার শহরের উন্নয়নের নমুনা দেখেন, এটা আজকে পানির শহর।”

নয়া পল্টনের সড়কে সিএনজিসহ ছোট যানবাহন চলছে না। কারণ পানিতে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ফুটপাত দিয়ে নারী-পুরুষ হাটু পানি ডিঙিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।

শান্তিনগর থেকে তোপখানা রোডে একটি বেসরকারি ব্যাংকের কর্মচারি আবদুল করিম বলেন, “দেড় ঘণ্টায় হেঁটে এসেছেন তিনি, ফুটপাতে মানুষের ভিড়। করোনার মধ্যে ফুটপাত দিয়ে স্বাস্থ্য বিধি মেনে হাঁটাও যায় না। রাস্তায় পানি, যানজট থাকায় এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।”