মুদ্রা জালিয়াত চক্রের ৩ জন রিমান্ডে
রাজধানীর বংশাল ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে মুদ্রা জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
পুলিশের রিমান্ড আবেদনের শুনানি শেষে মহানগর হাকিম মিল্লাত হোসেন রোববার এই আদেশ দেন।
এই তিন আসামি হলেন- আলম হোসেন (২৮), সাইফুল ইসলাম ওরফে লামু (৩২) ও মো. রুবেল (২৮)।
শনিবার বংশাল ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ।
অভিযানে তাদের কাছ থেকে ৩৫ লাখ টাকার জাল টাকা এবং একটি ল্যাপটপ, একটি লেমিনেটিং মেশিন, দুটি কালার প্রিন্টারসহ নোট জালিয়াতিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বংশাল থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। সেই মামলাতেই রোববার তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
রিমান্ড আবেদনে বলা হয়, কোরবানির ঈদ সামনে রেখে এই চক্রটি জাল নোট তৈরি করছিল। কোরবানির পশুর হাট, শপিংমল ও অন্যান্য জায়গায় এই জাল নোট ব্যবহারের পরিকল্পনা ছিল তাদের।
“এ কাজে তারা হাবিব মোল্লা, জীবন, মজিবুর ও রানা নামের চার ব্যক্তির সহায়তা নেন। তাদের বিরুদ্ধে আগেও জালনোটের কারবারের মামলা হয়েছে। পুলিশের অভিযানে এর আগে তারা গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আবার জালিয়াতিতে জড়িয়েছে।”
আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদনের বিরোধিতা করলেও শুনানি শেষে বিচারক প্রত্যেক আসামিকে এক দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকতা এস আই হেলাল উদ্দিন জানান।
