২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজেন্ট জালিয়াতি: ক্ষতিপূরণের ঘোষণা চেয়ে উকিল নোটিস

রিজেন্ট হাসপাতাল থেকে কোভিড-১৯ পরীক্ষার ভুয়া প্রতিবেদন দেওয়ায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পরিবারের জন্য ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা চেয়ে সরকারকে উকিল নোটিস পাঠিয়েছেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2020, 03:34 PM

Updated : 10 Oct 2022, 07:17 PM

পাশাপাশি রিজেন্ট হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষা জালিয়াতিতে ভুক্তোভোগীদের তালিকা প্রকাশেরও দাবি জানানো হয়েছে নোটিসে। 

শিশু ও মানবাধিকার সংগঠন চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালকের পক্ষে আইনজীবী আব্দুল হালিম রোববার দুপুরে ইমেইলে স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে ওই নোটিস পাঠিয়েছেন।

আইনজীবী আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে আমরা চেয়েছি, রিজেন্ট হাসপাতালের মাধ্যমে যারা ভুক্তোভোগী, তাদের একটি তালিকা প্রকাশ করা হোক।

“এছাড়া রিজেন্ট হাসপাতাল থেকে ভুয়া সনদ দেওয়ার ফলে যারা বিভিন্ন বিড়ম্বনায় পড়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পরিবারের জন্য ১০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়েছি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরকে এ ঘোষণা দিতে বলা হয়েছে।”

এ আইনজীবী বলেন, বাংলাদেশের সংবিধান সবাইকে বেঁচে থাকার অধিকার দিয়েছে। সেই বেঁচে থাকার অধিকারের অবিচ্ছিন্ন অংশ হলো যথাযথ স্বাস্থ্যসেবা বা স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।

Image
নিজের অফিসে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ (ফেইসবুক থেকে নেওয়া ছবি)

নিজের অফিসে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ (ফেইসবুক থেকে নেওয়া ছবি)

“সাংবিধানিকভাবে, আইনগতভাবে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিশ্চিত করার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের। তারা যদি দেখভাল না করেন, পর্যবেক্ষণটা না করেন, তাহলে মানুষ কোথায় যাবে?”

দেশে যেসব হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে কোভিড-১৯ পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়, সেসব প্রতিষ্ঠানের তালিকা প্রকাশেরও আরজি জানানো হয়েছে নোটিসে।

সেইসঙ্গে যেসব হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে কোভিড-১৯ পরীক্ষা বা চিকিৎসা হচ্ছে, প্রতি সপ্তাহে সেসব প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরে পাঠানোর নির্দেশনা চাওয়া হয়েছে।

থানা পর্যায়ে কোভিড-১৯ পরীক্ষা ও চিকিৎসা সংক্রান্ত হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মানুষ পর্যাপ্ত ও যথাযথ সেবা পাচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং কমিটি গঠন করতেও নোটিসে অনুরোধ করা হয়েছে।

আইনজীবী আব্দুল হালিম বলেন, “এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে, ৪৮ ঘণ্টার মধ্যে এমন ঘোষণা না পেলে আমরা উচ্চ আদালতে যাব।” 

চার মাস আগে বাংলাদেশে নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পরপরই রিজেন্ট হাসপাতালকে ‘কোভিড ডেডিকেটেড’ হাসপাতাল হিসেবে রোগীদের চিকিৎসা দেওয়ার অনুমতি দিয়েছিল সরকার।

সে সময় দুটি ডায়ালাইসিস মেশিন, একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, দুটি আইসিইউ ভেন্টিলেটর ও দুটি ডায়ালাইসিস বেড বেন্ড দেওয়া হয়েছিল রিজেন্ট হাসপাতালকে।

কিন্তু করোনাভাইরাস পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া, নিয়ম বহির্ভূতভাবে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায়ের প্রমাণ পাওয়ার পর গত ৭ ও ৮ জুলাই রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখা বন্ধ করে দেওয়া হয়। গত ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় রিজেন্টের কর্ণধার মোহাম্মদ সাহেদকে।

রিজেন্ট হাসপাতালে অভিযানের পর ৭ জুলাই উত্তরা পশ্চিম থানায় প্রতারণার অভিযোগে সাহেদকে এক নম্বর আসামি করে ১৭ জনের বিরুদ্ধে মামলা করে র‌্যাব। সেই মামলায় এখন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ।