রাষ্ট্রপতির ভাইয়ের মৃত্যুতে স্পিকারের শোক
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই মো. আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এক শোকবার্তায় স্পিকার আবদুল হাইয়ের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
করোনাভাইরাসে আক্রান্ত আব্দুল হাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা্য় শুক্রবার প্রথম প্রহরে মারা যান। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের দায়িত্বে ছিলেন আবদুল হাই। শনিবার মিঠামইনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজে সহকারী অধ্যাপক আবদুল হাই ১৯৯৭ সালে তৎকালীন ডেপুটি স্পিকার আবদুল হামিদের এপিএস হিসেবে সংসদে চাকরি শুরু করেন।
২০১৩ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার উপ-পরিচালক থাকা অবস্থায় তিনি অবসরে যান।
তার মৃত্যুতে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরীও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
