বিদেশ থেকে ভুক্তভোগীর অভিযোগ, ময়মনসিংহে ‘দালাল’ গ্রেপ্তার
বিদেশ থেকে এক ভুক্তভোগীর অভিযোগ পেয়ে ময়মনসিংহ থেকে `মানব পাচারকারী চক্রের এক দালালকে’ গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তার কাজী সালেহ আহাম্মদ ওসমানী (মাসা) ময়মনসিংহের ফুলপুরের তিতপুর এলাকার রতন কাজীর ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ভিয়েতনাম থেকে এক বাংলাদেশি ভুক্তভোগী পুলিশের ফেইসবুক মেসেঞ্জারে সালেহ আহাম্মদ ওসমানীর বিরুদ্ধে অভিযোগ করেন।
সেখানে তিনি বলেন, উচ্চ বেতনের চাকরির আশ্বাসে সালেহ আহাম্মদের মাধ্যমে সাড়ে তিন লাখ টাকা দিয়ে কিছুদিন আগে তিনি ভিয়েতনামে যান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভিকটিম ভিয়েতনামে পৌঁছানোর পর দেখতে পান, কোনো কিছুই সত্য নয়, তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে যেতে কেউ আসেনি, থাকা-খাওয়ার কোনো ব্যবস্থা নেই, এমনকি চাকরিরও কোনো খবর নেই।
“বরং সেখানে পৌঁছানোর পর শুরু হয় নানা রকম নির্যাতন। এমন পরিস্থিতিতে ভিকটিম দেশে ফেরার জন্য দালালের সাথে যোগাযোগ করলে দালাল তাকে জানায়, তার কাজ ছিল তাকে (ভিকটিমকে) ভিয়েতনামে পৌঁছে দেওয়া, এখন আর তার কোনো দায়িত্ব নাই। বর্তমানে ভিকটিম ভিয়েতনামে মানবেতর জীবন যাপন করছেন।”
এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সদরদপ্তর থেকে বিষয়টি তদন্ত করে ময়মনসিংহের পুলিশ সুপারকে ব্যবস্থা নিতে বলা হয়।
প্রাথমিক তদন্তে অভিযোগের ‘সত্যতা পাওয়া গেলে’ গোয়েন্দা পুলিশ ‘দালাল চক্রের সদস্য কাজী সালেহ আহাম্মদকে’ গ্রেপ্তার করে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
সেখানে বলা হয়, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালেহ আহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।”
