২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস প্রতিরোধে সরকারের আরেকটি সমন্বয় সেল

করোনাভাইরাসের বিস্তাররোধে দায়িত্ব পালনের জন্য আরেকটি সমন্বয় সেল গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2020, 08:57 PM

Updated : 18 Aug 2022, 03:19 PM

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্বে রোববার এক সভায় এই সেল গঠন করে দিয়ে করণীয়ও ঠিক করে দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেখানে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর থেকে ঘোষিত কোনো নির্দিষ্ট এলাকা লকডাউন করা হলে সেসব এলাকায় মানুষের কাছে খাদ্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সকল প্রতিষ্ঠান ঠিকমত দায়িত্ব পালন করছে কিনা তা পর্যবেক্ষণ করবে এই সেল।

গঠিত এই সমন্বয় সেল সারাদেশের তথ্য সংগ্রহ করবে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে বলে সভায় নির্দেশনা দেন স্থানীয় সরকারমন্ত্রী।

এছাড়া করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে সময়ে সময়ে এই কমিটি স্বাস্থ্য মন্ত্রণালয়, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রেখে এই সেল ভাইরাস মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

তাজুল ইসলাম বলেন, “একক প্রচেষ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধ করা সম্ভব নয়। এজন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সবার নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করলে এই মহামারী থেকে মুক্তি পাওয়া সম্ভব।”

লকডাউন এলাকায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে টেলিমেডিসিন সার্ভিসের উপর গুরুত্বারোপ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মানুষকে ঘরে রাখতে হলে তাদের প্রয়োজনীয় চাহিদা সরবরাহ করতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্থানীয় সরকার বিভাগের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলামকে আহ্বায়ক করে গত ২৩ জুন ১৫ সদস্যের একটি সমন্বয় সেল গঠন করা হয়।

স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সভায় উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

করোনাভাইরাস প্রতিরোধে স্থানীয় সরকার বিভাগে সমন্বয় সেল