২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনিয়ম: আরো ২ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা বিতরণে সুবিধাভোগীদের তালিকা তৈরিতে অনিয়ম এবং ভিজিডি কার্ড জালিয়ালির অভিযোগে আরও দুই জনপ্রতিনিধিকে বরখাস্ত করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2020, 07:25 PM

Updated : 18 Aug 2022, 03:19 PM

ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করে রোববার আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

এ নিয়ে ত্রাণ বিতরণে অনিয়মসহ সরকারি চাল আত্মসাৎ এবং অন্যান্য অনিয়মের জন্য ইউনিয়ন পরিষদের ৩২ জন চেয়ারম্যান, ৬৪ জন সদস্য, একজন জেলা পরিষদ সদস্য, চারজন পৌর কাউন্সিলর এবং একজন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যানসহ মোট ১০২ জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা তৈরিতে অনিয়মের জন্য গাইবান্ধার জেলার সাদুল্লাপুর উপজেলার ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরিফুর রহমান চৌধুরীকে বরখাস্ত করা হয়েছে।

এছাড়া ভিজিডি চাল বিতরণ না করে ভুয়া স্বাক্ষর গ্রহণ, উপকারভোগীদের ভিজিডি কার্ড অসৎ উদ্দেশ্যে নিজের কাছে জমা রাখাসহ বিভিন্ন অভিযোগে পটুয়াখালীর দশমিনা উপজেলার ২নং আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা ফয়সালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদের স্থায়ীভাবে কেন বরখাস্ত করতে হবে না, তা জানতে চেয়ে শোকজও করা হয়েছে। চিঠি পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে শোকজের জবাব পাঠাতে অনুরোধ হয়েছে।