২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হার্ডকো স্কুলের টিউশন ফি অর্ধেক করার দাবি অভিভাবকদের

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে স্কুল বন্ধ থাকায় টিউশন ফি ৫০ শতাংশ ছাড়ের দাবিতে মানববন্ধন করেছেন ইংরেজি মাধ্যমের হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2020, 07:22 PM

Updated : 10 Oct 2022, 07:15 PM

পুরনো খবর:

টিউশন ফি: অভিভাবক, প্রতিষ্ঠানকে মানবিক হতে শিক্ষামন্ত্রীর অনুরোধ

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় স্কুলটির সামনে রোববার সকালে মানববন্ধন ও সমাবেশ হয় বলে অভিভাবক ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সমাবেশ থেকে বকেয়া টিউশন ফি-কে কেন্দ্র করে রিপোর্ট কার্ড, নতুন ক্লাসে উত্তীর্ণ করা নিয়ে অনৈতিক চাপ দেওয়া থেকে বিরত থাকা; ছাড় দেওয়া টিউশন ফি কিস্তিতে পরিশোধের ব্যবস্থা করা এবং অভিভাবকদের হয়রানি বন্ধ করারও দাবি জানানো হয়।

কোভিড-১৯ মহামারীর মধ্যে শিক্ষার্থীদের টিউশন ফি পরিশোধের বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবকদেরও মানবিক আচরণ করার অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সঙ্কটময় এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের বেতনে যতটা সম্ভব ছাড় দিতে স্কুল-কলেজ কর্তৃপক্ষকেও অনুরোধ করেছেন তিনি।

স্বাস্থ্যবিধি মেনে অভিভাবকরা স্কুলের সামনের রাস্তায় দাঁড়ান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্দোলনে জড়িত অভিভাবকদের ফোন করে স্কুল থেকে বাচ্চা নিয়ে যেতে বলা হচ্ছে।

অভিভাবকরা বলছেন, স্কুল বন্ধ রেখে শতভাগ টিউশন ফি চাওয়া মেনে নেয়া যায় না। এজন্য তারা স্কুল বন্ধের সময়ে ৫০ ভাগ ছাড় চেয়েছেন।

স্কুল কর্তৃপক্ষকে এ বিষয়ে বারবার তাগিদ দেওয়া হলেও তারা কোনো উদ্যোগ নেয়নি বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

“বরং সরকারি নিয়মের তোয়াক্কা না করে ফি দেওয়ার সাথে রেজাল্ট, নতুন ক্লাসের শিক্ষাদান সবকিছুকে জড়িয়ে অভিভাবকদের প্রত্যক্ষভাবে ভীতি দেখাতে চাইছে,” বলা হয় বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ এম জিন্নাত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বর- এই তিন মাস সবার বেতনের ২০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। কিন্তু তারা টিউশন ফির ৫০ শতাংশ ছাড়া চাইছেন।

এই মহামারীর মধ্যে যেসব অভিভাবকের সমস্যা হচ্ছে তাদের আলাদাভাবে আবেদন করতে বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, “অনেক অভিভাবক আুবেদন করেছেন। আগামী ৭ জুলাইয়ের মধ্যে তাদের আবেদন করতে বলা হয়েছে।

“যারা আবেদন করেছেন এবং যারা করেননি তাদের সবাইকেই তিন মাসের বেতনের ২০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। যাদের বিশেষ সমস্যা হচ্ছে তাদের বিষয়টি আমরা আলাদভাবে দেখব।”