ভ্রূণ হত্যা: সাংবাদিক প্লাবনের ভাইকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সাংবাদিক রেজাউল করিম প্লাবনের বিরুদ্ধে নারী নির্যাতন, যৌতুক দাবি ও ভ্রূণ হত্যার মামলার অন্যতম আসামি তার ছোট ভাই নিজাম উদ্দিনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।
রোববার তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই সুব্রত দেবনাথ জিজ্ঞাবাদের জন্য পাঁচ দিনের হেফাজত চান।
অন্যদিকে আসামির পক্ষে অমূল্য কুমার দেবনাথ রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম ধীমান চন্দ্র আগামী ৩ কার্যদিবসের মধ্যে তাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
গত ১১ মে হাতিরঝিল থানায় প্লাবনসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন সাংবাদকি সাজিদা ইসলাম পারুল। মামলার তিন নম্বর আসামি নিজামকে শুক্রবার রাতে কুড়িগ্রামের চিলমারীর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, গত ২ এপ্রিল যুগান্তরের স্টাফ রিপোর্টার প্লাবনের সঙ্গে পারুলের বিয়ে হয়। বিয়ের পর যৌতুক হিসেবে প্লাবন ঢাকায় একটি ফ্ল্যাট দাবি করেন। এছাড়া একাধিক নারীর সঙ্গে প্লাবনের অনৈতিক সম্পর্ক থাকার কথা জানতে পারেন পারুল। এসব অনৈতিক সম্পর্কে বাধা ও যৌতুক না দেওয়ায় তাকে নির্যাতন করা হয়।
মারধরের কারণে পারুলের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। এরপর গত ৫ মে প্লাবনের গ্রামের বাড়ি গেলে সেখানেও মারধরের শিকার হন বাদী। প্লাবনের বড় ভাই এমএ আজিজ, ছোট ভাই নিজাম উদ্দিন ও বাবা সামসুল হকও পারুলকে মারধর করেন।
