২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজেমীর মৃত্যুতে গভর্নরের শোক

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আল্লাহ মালিক কাজেমীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গভর্নর ফজলে কবির।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2020, 04:22 PM

Updated : 18 Aug 2022, 03:19 PM

শনিবার সকালে এক শোক বার্তায় গভর্নর বলেন, “কাজেমী বাংলাদেশের একজন  শ্রেষ্ঠ কেন্দ্রীয় ব্যাংকার। পেশাগত জীবনে তিনি অসমান্য মেধার স্বাক্ষর রাখেন। তার আকস্মিক মৃত্যুতে দেশের ব্যাংকিং ও আর্থিক খাতে অপূরণীয় ক্ষতি হল।”

শুক্রবার বিকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭১ বছর।

আল্লাহ মালিক কাজেমী ১৯৭৬ সালে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। এরপর ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ডেপুটি গভর্নর পদে থেকে নিয়মিত চাকরি শেষ করেন।

২০০৮ সালে তাকে চুক্তিতে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর কয়েক দফা তার মেয়াদ বাড়ানো হয়। মৃত্যুর আগ পর্যন্ত ওই পদেই ছিলেন আল্লাহ মালিক কাজেমী।

বৈদেশিক বাজার ও মুদ্রা ব্যবস্থাপনা, তারল্য ব্যবস্থাপনা, মুদ্রানীতি প্রণয়নসহ কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ক্ষেত্রে তার বিচরণ ছিল।

ব্যাংক খাতের যেকোনো সমস্যা, নতুন নীতি প্রণয়নে তিনি পরামর্শ দিয়ে আসছিলেন। শুধু কেন্দ্রীয় ব্যাংক নয়, বাণিজ্যিক ব্যাংক ও ব্যবসায়ীরাও তার কাছে বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতেন।