২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বস্তায় ৮০ লাখ টাকা দেখে ‘ঘাবড়ে’ যায় ওরা: পুলিশ

পুরান ঢাকায় ন্যাশনাল ব্যাংকের গাড়ি থেকে ৮০ লাখ টাকার বস্তা চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে পুলিশ বলছে, ছোটখাট চুরি করা এই চক্রটি ‘না বুঝেই’ ব্যাংকের ওই টাকা সরিয়েছিল।

কামাল তালুকদার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2020, 08:29 PM

Updated : 25 Jul 2022, 07:03 PM

এই ঘটনায় হান্নান ওরফে রবিন ওরফে সাইফুল ইসলাম (৫০), তার স্ত্রী পারভীন বেগম (৩১) এবং দুই সহযোগী মো. বাবুল মিয়া (৫৫) ও মো. মোস্তফা (৫২) গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন।

তাদের কাছ থেকে চুরির ৬০ লাখ টাকা উদ্ধারও করেছে পুলিশ। বাবুল দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন।

প্রথমে থানা পুলিশ মামলাটি তদন্ত করলেও পরে তদন্তের দায়িত্ব পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ।

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার রাজীব আল মাসউদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই চক্রের দলনেতা হান্নান আর তাদের সব কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন তার স্ত্রী পারভীন।

“চুরি হওয়া প্রায় সব টাকাই পারভীনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। কখন কী করতে হবে সে বিষয়ে সবাই পারভীনের সঙ্গে যোগাযোগ করত এবং সে অনুযায়ী কাজ করত।”

টাকা হাতিয়ে নেওয়ার জন্য হান্নান বিভিন্ন ব্যাংকে গিয়ে ওঁৎ পেতে থাকতেন। ব্যাংক থেকে টাকা তুলে কেউ ব্যাগে রাখলে সুযোগ বুঝে সেই টাকা নিয়ে পালিয়ে যেতেন তিনি।

গত ১০ মে পুরান ঢাকায় ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখা থেকে টাকা সংগ্রহ করে মতিঝিলে ফিরছিল ন্যাশনাল ব্যাংকের একটি গাড়ি। চালকের পাশাপাশি একজন কর্মকর্তা এবং দুজন নিরাপত্তাকর্মী ছিলেন ওই গাড়িতে।

পুরান ঢাকার বাবুবাজার আসার পর গাড়ির একজন নিরাপত্তাকর্মী দেখতে পান ৮০ লাখ টাকার একটি ব্যাগ গাড়িতে নেই। ওই ঘটনায় ন্যাশনাল ব্যাংকের এক কর্মকর্তা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।

এর পরে তদন্ত শুরু করে ইসলামপুরে ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয় জানিয়ে পুলিশের কোতোয়ালি জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার সাইফুল আলম মুজাহিদ বলেন, ফুটেজে ব্যাংক কর্মকর্তা ও একজন নিরাপত্তাকর্মীকে গাড়ি থেকে বেরিয়ে উপরে যেতে দেখা যায়। তখন টাকার গাড়িতে একজন নিরাপত্তাকর্মী ও গাড়িচালক ছিলেন।

“এই সময় চারজন কৌশলে গাড়ির কাছে এসে টাকার বস্তাটি নিয়ে যায়।”

এরপর এই চারজনের খোঁজে নামে পুলিশ। তবে ভিডিওটি স্পষ্ট ছিল না বলে আসামি শনাক্ত করতে বেগ পেতে হচ্ছিল। সে সময় একজন ‘সোর্স’ পুলিশকে জানায়, পুরান ঢাকায় এই ধরনের কাজ করে ‘ব্রিফকেস হান্নান’।

সাইফুল আলম বলেন, “হান্নান আগে পকেট মারতো, এখন টানা পার্টির কাজ করে। অর্থাৎ ভ্যানগাড়ি থেকে দামি মালের বস্তা সরায়, ব্যাংক থেকে টাকা তুলে কেউ ব্যাগে রাখলে কৌশলে সেই টাকা নিয়ে যায়।”

তদন্ত করতে গিয়ে ২০১৮ সালে মতিঝিলের এক ব্যাংক থেকে এক গ্রাহকের টাকার ব্যাগ নিয়ে যাওয়ার একটি ফুটেজ পায় পুলিশ।

ওই ফুটেজ দেখে এবং আরও কয়েকজন পকেটমারের কাছ থেকে তথ্য সংগ্রহ করে হান্নানের অবস্থান খুঁজে বের করেন তদন্তকারীরা।

এরপর গত ২ জুন পুরান ঢাকার গেণ্ডরিয়া ও ভৈরব থেকে হান্নানসহ ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং চুরি হওয়া ৬০ লাখ টাকাও উদ্ধার করা হয় বলে জানান সাইফুল।

কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, “হান্নান মূলত ছোট ছোট কাজ করত। গ্রেপ্তারের পর সে বলেছে, ব্যাগের মধ্যে যে এত টাকা ছিল তা তাদের ধারণা ছিল না।

“তারা মনে করেছিল, ব্যাগে এক থেকে দেড় লাখ টাকা মিলতে পারে। কিন্তু এত টাকা দেখে তারা নাকি ঘাবড়ে গিয়েছিল।”

গোয়েন্দা কর্মকর্তা রাজীব আল মাসউদ বলেন, এই দলে মোট ছয়জন আছেন। দলের এক সদস্য অন্য একটি মামলায় কারাগারে এবং একজন পলাতক রয়েছেন।

“পলাতক আসামিকে গ্রেপ্তার করতে পারলে ব্যাগ টানা চক্রটির সবাই গ্রেপ্তার হবে।”

ব্যাংকের সেই চারজন ‘নির্দোষ’

টাকার বস্তা চুরি হওয়ার পর ওই গাড়িতে থাকা ন্যাশনাল ব্যাংকের নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ডন (৪৩), গাড়িচালক আব্দুল লতিফ (৫৫), দুই নিরাপত্তাকর্মী শাহ আলম (৫০) ও ইউনুস আলীকে (৫০) গ্রেপ্তার করে একদিনের রিমান্ডে নেয় পুলিশ। পরে তাদের কারাগারে পাঠায় আদালত।

গোয়েন্দা কর্মকর্তা রাজীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই মামলায় গ্রেপ্তার প্রত্যেককে জিজ্ঞাসাবাদে ব্যাংকের গাড়িতে থাকা চারজনের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। ওই চারজন নির্দোষ ছিল।

“এই প্রতারক চক্র দীর্ঘদিন গাড়িটি অনুসরণ করে কৌশলে টাকার বস্তাটি হাতিয়ে নিয়েছিল।”

ন্যাশনাল ব্যাংকের ওই চারজন এখনও কারাগারে আছেন বলে ব্যাংকটির ডিএমডি এএসএম বুলবুল শুক্রবার জানিয়েছেন।

পুলিশি তদন্তে তারা ‘নির্দোষ’ হওয়ার পরেও কেন তাদের মুক্তি দেওয়া হচ্ছে না জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আদালত তো আর আগের মত বসে না করোনাভাইরাসের কারণে। শিগগির তাদেরকে বের করে আনা হবে।

“তবে তাদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ এনে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এখনও হদিস নেই ২০ লাখ টাকার

চুরি যাওয়া ৮০ লাখ টাকার মধ্যে ৬০ লাখ টাকা উদ্ধার হয়েছে। বাকি ২০ লাখ টাকার এখনও খোঁজ বের করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে গোয়েন্দা কর্মকর্তা রাজীব বলেন, “২০ লাখ টাকা পাওয়া যাচ্ছে না। তদন্তে বোঝা যাচ্ছে, চুরি হওয়ার পর ভাগবাটোয়ারা করে টাকা নিয়ে সবাই সবার মতো খরচ করেছে।

“ঘটনার ২২ দিন পর আসামিরা গ্রেপ্তার হয়েছে। এই কয় দিনে ওই টাকা তারা খরচ করেছে বলে মনে হচ্ছে। আর এ চক্রের একজন গ্রেপ্তার হওয়া বাকি রয়েছে, ওর কাছে কিছু টাকা থাকতে পারে।”