প্রবাসী কর্মীদের ’দুর্দশা লাঘবে’ উদ্যোগী হওয়ার নির্দেশ পররাষ্ট্রমন্ত্রীর
করোনাভাইরাস মহামারীর কারণে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী কর্মীদের ’দুর্দশা লাঘবে’ সচেষ্ট হতে বাংলাদেশি মিশনপ্রধানদের নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের নয় দেশের রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তার এ নির্দেশনা আসে।
প্রবাসী কর্মীদের ’রেমিটেন্স-যোদ্ধা’ হিসাবে বর্ণনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “তাদের কেউ যেন না খেয়ে না থাকে, সেটা নিশ্চিত করতে রাষ্ট্রদূতদের সচেষ্ট থাকতে হবে।”
বাংলাদেশের কৃষি শ্রমিকদের ’অত্যন্ত দক্ষ’ হিসাবে বর্ণনা করে তিনি বলেন, “করোনাভাইরাস পরবর্তী পৃথিবীর খাদ্য চাহিদা পূরণে মধ্যপ্রাচ্যেসহ পৃথিবীর বিভিন্ন দেশে কৃষিকাজে বাংলাদেশের শ্রমিকরা অত্যন্ত দক্ষতার পরিচয় দিতে পারবে।”
প্রবাসী শ্রমিকদের কেউ যেন হঠাৎ চাকুরিচ্যুত না হয় এবং চাকুরিচ্যুত হলে যেন ৬ মাসের বেতন ও অন্যান্য ভাতা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট দেশের সঙ্গে রাষ্ট্রদূতগণকে যোগাযোগ অব্যাহত রাখার অনুরোধ করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসীদের কেউ দেশে ফিরতে চাইলে তাদেরকে ধাপে ধাপে দেশে ফেরত আনা হবে।
কাতার, কুয়েত, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, লেবানন, ওমান, ইরাক এবং জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা এ ভিডিও কনফারেন্সে যোগ দেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও যুক্ত ছিলেন ভিডিও কনফারেন্সে।
