ঢাকায় দুই বিচারক করোনাভাইরাসে আক্রান্ত
ঢাকায় দুই বিচারক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
এই দুই বিচারক হলেন ঢাকার মুখ্য বিচারিক হাকিম সৈয়দ মাসফিকুল ইসলাম সজীব, বিচারিক হাকিম রাজীব হাসান।
বৃহস্পতিবার আদালতপাড়ার সাংবাদিকদের তাদের আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছেন ঢাকার বিচারিক হাকিম আদালতে দায়িত্বরত অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আনোয়ারুল কবীর বাবুল।
তিনি জানান, গত সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সব বিচারকের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার ফল আসে। এর মধ্যে মাসফিকুল ইসলাম সজীব ও রাজীব হাসানের ‘পজিটিভ’ আসে।
“দুই বিচারক নিজ নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন, তারা আপাতত ভালো আছেন,” বলেন এই আইনজীবী।
ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ পরিচালনা ও দায়িত্ব পালনের মধ্যেও সারা দেশে মঙ্গলবার নাগাদ নিম্ন আদালতের ২৬ জন বিচারক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে লালমনিরহাটের একজন জজ মারা গেছেন।
এছাড়া সর্বোচ্চ আদালতের ২৬ এবং নিম্ন আদালতের ৭১ জনসহ মোট ৯৭ জন আদালত কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
