২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সামাজিক দূরত্ব মেনেই বসবে কোরবানির হাট: মন্ত্রী

কোরবানির ঈদকে সামনে রেখে সব ধরনের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই এবার পশুর হাট বসানোর কথা বলেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2020, 06:58 PM

Updated : 08 Apr 2022, 12:59 AM

করোনাভাইরাস মহামারীকালে এবার ক্রেতা-বিক্রেতা সবাইকেই বাধ্যতামূলকভাবে মাস্ক পরে হাটে যেতে হবে। এছাড়া হাটে হাত ধোয়ার ব্যবস্থা ছাড়াও জীবাণুনাশক স্প্রে করা হবে।

ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিতকল্পে প্রস্তুতি পর্যালোচনা নিয়ে বৃহস্পতিবার এক ভার্চুয়াল সভায় একথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী।

মন্ত্রীকে উদ্ধৃত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই দুর্যোগে রাজধানীসহ দেশের সকল পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট স্থানে পশুর হাট বসানো হবে।

ভিড় এড়িয়ে কোরবানির পশু কিনতে এবার ঈদের দু’একদিন আগের জন্য অপেক্ষা না করে সময় হাতে রেখে পশু কিনতে সবাইকে পরামর্শ দেন স্থানীয় সরকারমন্ত্রী।

পশুরহাটে প্রবেশকারী সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে প্রবেশ ও বের হওয়া নিয়ন্ত্রণ করে কেনা-বেচা করার উপর গুরুত্বারোপ করেন তাজুল ইসলাম।

প্রতিটি পশুর হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরা বাধ্যতামূলক করার পাশাপাশি হাটে হাত ধোঁয়ার ব্যবস্থা এবং জীবাণুনাশক স্প্রে করা হবে বলেও জানান তিনি।

“পশুর হাটগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে প্রস্তুত থাকবে।”

এবার ভিন্ন প্রেক্ষাপটে পশুর হাট এবং ঈদ উদযাপন করতে হবে বলে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে টেলিভিশন, রেডিওসহ বিভিন্ন গণমাধ্যমে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হবে বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী।

নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দিয়েছেন তিনি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস ছাড়াও অন্যান্য সিটি করপোরেশের মেয়র এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই সভায় যুক্ত ছিলেন।

পুরনো খবর:

মহামারীকালে ঢাকায় এবার ২৪ কোরবানির হাট