২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ পেয়েছে দেড় কোটি পরিবার: সরকার

করোনাভাইরাস সঙ্কটে মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত সারা দেশে দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2020, 04:23 PM

Updated : 08 Apr 2022, 12:59 AM

দেশের ৬৪ জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, “করোনাভাইরাস পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারা দেশে দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

২৪ জুন পর্যন্ত সারা দেশে ত্রাণ হিসেবে দুই লাখ ১১ হাজার ১৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে এক লাখ ৮৪ হাজার ১২২ মেট্রিক টন। এক কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৭৬৭টি পরিবারের ৬ কোটি ৯৮ লাখ ৯৭ হাজার ৬৫০ জন এর উপকারভোগী বলে তথ্য বিবরণীতে জানানো হয়।

সরকারি ভাষ্যে বলা হয়েছে, ত্রাণ হিসেবে নগদ ৯৫ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৮৬ কোটি ৪৫ লাখ টাকা। তাতে ৯৫ লাখ ৭৯ হাজার পরিবারের চার কোটি ২৩ লাখ ৭৯ হাজার জন উপকৃত হয়েছেন।

এছাড়া শিশুদের খাদ্য কিনতে নগদ ২৭ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার ২৪ কোটি ২১ লাখ ১৯ হাজার ৬০৬ টাকা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। এতে ৭ লাখ ৭৭ হাজার ৫২৫টি পরিবারের উপকারভোগীর সংখ্যা ১৬ লাখ ১৮ হাজার ৪২১ জন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকার গত ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সব অফিস আদালত বন্ধ রাখে। এরপর ৩১ মে সীমিত পরিসরে অফিস খুলে দেওয়া হয়, চলছে গণপরিবহনও।

সঙ্কটের এই সময়ে যেসব শ্রমজীবী কর্মহীন হয়ে পড়েছেন, তাদের পাশরাপাশি দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য সরকার ধাপে ধাপে নগদ টাকা এবং চাল বরাদ্দ দিচ্ছে।