২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর কাজের ঠিকাদারের কাছে ‘চাঁদা চেয়ে’ দুজন কারাগারে

পদ্মা সেতুর রেল প্রকল্পের ঠিকাদার এরশাদ গ্রুপের ঢাকার অফিসে চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2020, 08:55 PM

Updated : 18 Aug 2022, 03:17 PM

বুধবার মাকসুদ বাবুল মোল্লা (৪৫) ও আবু তালেব লালু (৩১) নাম ওই দুই ব্যক্তিকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন।   

অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগ দায়ের করা দুই মামলায় আসামিদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই জাকির হোসেন।

তবে তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চাওয়া হয়নি। 

আসামিদের পক্ষে আইনজীবী  মিজানুর রহমান জামিনের আবেদন করেন। 

আসামিপক্ষ থেকে শুনানিতে বলা হয়, ব্যবসায়িক পাওনা চাইতে বাদী পক্ষের অফিসে গিয়েছিলেন তারা; চাঁদা চাইতে নয়।

তাদের মধ্যে চুক্তিপত্র রয়েছে; বাদীপক্ষ সেই চুক্তির শর্ত ভঙ্গ করেছে বলে অভিযোগ করে আসামিপক্ষ। 

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের দপ্তর থেকে জানানো হয়।

মঙ্গলবার  সকাল ১১টার দিকে রাজধানীর নাসির ট্রেড সেন্টারের এরশাদ গ্রুপের অফিস থেকে দুই আসামিকে আটক করে পুলিশ।