২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি-ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় চুরি-ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2020, 08:05 PM

Updated : 18 Aug 2022, 03:16 PM

তেঁজগাও থানা পুলিশ সোহেল নামের ৩০ বছর বয়সী ওই যুবককে মঙ্গলবার আদালতে হাজির করলে ঢাকার মহানগর হাকিম তোফাজ্জল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে সোহেলের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলে প্রসিকিউশন পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

‘ছিঁচকে চোর’ সোহেলের চুরি-ছিনতাইয়ের বিভিন্ন কলাকৌশল নিয়ে গত সোমবার একটি পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

বিষয়টি নজরে আসার পর সোমবার রাতে ফার্মগেইট এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করে তেঁজগাও থানা পুলিশের একটি দল।

পুলিশ বলছে, সোহেল একজন মাদকসেবী। রাতে সে ফার্মগেইট এবং কারওয়ান বাজার এলাকার ফুটওভার ব্রিজ ও রাস্তার পাশে ঘুমিয়ে থাকে। দিনের বেলা সুযোগ বুঝে মানুষের ব্যাগ কেটে মালামাল চুরি এবং ছিনতাই করে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।