২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ফের শুরু হচ্ছে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা

আর্থিক সঙ্কটসহ কিছু কারণে বন্ধ হয়ে যাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবে মঙ্গলবার থেকে ফের শুরু হচ্ছ করোনাভাইরাসের নমুনা পরীক্ষা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2020, 12:26 AM

Updated : 18 Aug 2022, 03:17 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত করোনাভাইরাস রেসপন্স টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক শরীফ আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করছেন।

এর আগে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেছিলেন, সাময়িকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারটি বন্ধ ছিল। সেখানে পুনরায় পরীক্ষা কার্যক্রম শুরু হবে। তাহলে দেশে পরীক্ষাগার দাঁড়াবে ৬৩টি।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক শরীফ আখতারুজ্জামান বলেন, “মঙ্গলবার থেকে আমরা পুনরায় পরীক্ষা কার্যক্রম চালু করছি। সবকিছু আগের মতোই হবে।”

আর্থিক সঙ্কটের সমাধান হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “শুধু আর্থিক কারণেই আমাদের ল্যাবটি বন্ধ হয়নি, এখানে অনেক কারণ ছিল। যাইহোক,এখন সমাধান হয়েছে বলেই তো আমরা পুনরায় শুরু করছি।”

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতিতে গত ৫ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (সিএআরএস) ভবনের গবেষণাগারে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়েছিল। গবেষণাগারে দুটি পিসিআর মেশিনে প্রতিদিন প্রায় চারশ নমুনা পরীক্ষা করা হত।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া কিট, পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) এবং বিশ্ববিদ্যালয়ের আর্থিক খরচে চলত এই নমুনা পরীক্ষার কার্যক্রম।

কিন্তু ৩১ মে থেকে সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ শুরু হওয়ায় নমুনা পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে স্বাস্থ্য অধিদপ্তরকে জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রায় এক মাস নমুনা পরীক্ষার করে এরই মধ্যে জীববিজ্ঞান অনুষদের একদল গবেষক বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রে স্থাপিত কোভিড-১৯ গবেষণাগার থেকে নমুনা সংগ্রহ করে পাঁচটি ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করেন।

প্রয়োজনীয় অর্থসংস্থান সাপেক্ষে ধাপে ধাপে আরও ১০০টি ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করা হবে বলেও জানান তারা।

জিনোম সিকোয়েন্সিং কার্যক্রমের অগ্রগতি জানতে চাইলে শরীফ আখতারুজ্জামান বলেন, “এটি একটি গবেষণা প্রকল্প। এটি সম্পন্ন করতে রিসার্চ ফান্ড প্রয়োজন। বিষয়টি আমরা ইউজিসিকে জানিয়েছি।
“ইউজিসি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে বিশ্ববিদ্যালয়ের বাজেটের গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করলে কাজটি সম্পন্ন করতে আমাদের জন্য সহজ হবে।”

পুরনো খবর:

ঢাবিতে বন্ধ হচ্ছে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা