২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের নির্বাচনী এলাকায় স্পিকারের চেক বিতরণ

নিজের নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জের ইমাম-মুয়াজ্জিন এবং বিভিন্ন নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের অর্থ সহায়তা দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2020, 08:49 PM

Updated : 18 Aug 2022, 03:15 PM

পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার এই চেক বিতরণের অনুষ্ঠানে স্পিকার ভার্চুয়ালি যুক্ত হন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানটি উদ্বোধনের পর স্পিকার উপজেলার ৮৫০টি মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের ২০ হাজার টাকা করে মোট ১ কোটি ৭০ লাখ টাকার চেক বিতররণ করেন।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৬ লাখ ২৫ হাজার টাকার চেক দেন তিনি।

এছাড়া ঢাকা-রংপুর ছয় লেন রাস্তার জন্য পীরগঞ্জ অংশের জমি অধিগ্রহণের ৮৭টি চেক বাবদ ৯ কোটি ৫৬ লা ২৪ হাজার ৯২৫ টাকার চেকও তিনি বিতরণ করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসময় শিরীন শারমিন বলেন, “মানুষের সুরক্ষা, জীবন-জীবিকা নির্বাহের জন্য সরকার যেসব জনবান্ধব ও উন্নয়ন কাজ গ্রহণ করেছে, করোনা সঙ্কটে প্রায় স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকাকে তা সচল রাখবে বলে আমি মনে করি।

“ডিজিটাল বাংলাদেশের কারণে আজ করোনাকালীন সংকটের মধ্যেও সাধারণ মানুষের জীবন-জীবকার সুবিধার্থে চেক বিতরণের কাজটি ভার্চুয়ালি করা সম্ভব হচ্ছে।”

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম এ মমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসান, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ পৌরসভার মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামিম, রংপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. শাহিদুল ইসলাম পিন্টু।