২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহরাওয়ার্দীর পরিচালকের স্ত্রীও কোভিড-১৯ আক্রান্ত

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2020, 07:39 PM

Updated : 18 Aug 2022, 03:15 PM

উত্তম বড়ুয়া ও নিবেদিতা বড়ুয়া দুজনই গত ১৪ জুন থেকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি রয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ওই হাসপাতালের উপ-পরিচালক ডা. মামুন মোর্শেদ।

তবে কবে তাদের সংক্রমণ ধরা পড়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “কোভিড-১৯ রোগীদের সেবা নিশ্চিত করতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালকে প্রস্তুত করছিলেন ডা. উত্তম কুমার বড়ুয়া। এ অবস্থায় তিনি সংক্রমণ ধরা পড়ে।

“প্রথমে বাসায় আইসোলেশনে থাকলেও শারীরিক উপসর্গ বাড়তে থাকায় ১৪ জুন হাসপাতালে ভর্তি হন। অসুস্থতার মধ্যেও তিনি হাসপাতালের চলমান চিকিৎসাসেবা উন্নত ও গতিশীল রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।”

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনে হিসাবে ২১‌ জুন পর্যন্ত সারাদেশে ১ হাজার ৯৬ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ৪৪ জন।

পুরনো খবর:

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক কোভিড-১৯ আক্রান্ত