সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক কোভিড-১৯ আক্রান্ত
ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।
৯ দিন আগে তার সংক্রমণ ধরা পড়ে বলে জানিয়েছেন ওই হাসপাতালের উপ-পরিচালক ডা. মামুন মোর্শেদ।
ডা. মামুন মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তম বড়ুয়া এখন একটি হাসপাতালে চিকিৎসাধীন।
“৯ দিন আগে তিনি অসুস্থ হয়েছেন। এখন একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা ভালো।”
সোহরাওয়ার্দী হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন ডা. উত্তম বড়ুয়া।
বাংলাদেশে নতুন করোনাভাইরাসে রোববার পর্যন্ত ৮৭ হাজার ৫২০ জন আক্রান্ত হয়েছেন। এই রোগে মারা গেছেন ১ হাজার ১৭১ জন।
আক্রান্তদের মধ্যে অনেক স্বাস্থ্যকর্মীও রয়েছেন। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-বিএমএ রোববার জানিয়েছে, এ পর্যন্ত সারাদেশে চিকিৎসক, নার্সসহ ৩ হাজার ২০২ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন।
এ পর্যন্ত ১ হাজার ১১ জন চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। ২৮ জন এবং উপসর্গ নিয়ে ৫ জন চিকিৎসক মারা গেছেন বলে জানিয়েছে বিএমএ।
