২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নর্দমার ময়লা রাস্তায় ফেলে রাখলে ওয়াসাকে জরিমানা: মেয়র তাপস

নর্দমা থেকে ময়লা-আবর্জনা তুলে উন্মুক্ত স্থানে ফেলে রাখলে ঢাকা ওয়াসাকে জরিমানা করা হবে বলে হুঁশিয়ার করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2020, 02:16 PM

Updated : 18 Aug 2022, 03:16 PM

রোববার দক্ষিণ সিটির বছরব্যাপী ‘নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রমের’ উদ্বোধনী অনুষ্ঠানে মেয়রের এই হুঁশিয়ারি আসে।

তিনি বলেন, “ঢাকা ওয়াসার কর্মীরা অনেক সময় কাজ শেষে রাস্তায় ময়লা ফেলে রাখে। আপনারা নর্দমা পরিষ্কার করে রাস্তায় আর ময়লা ফেলে রাখতে পারবেন না। তাহলে জরিমানা করা হবে, আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

এদিন দক্ষিণ সিটির ২২ নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন নর্দমা পরিষ্কার করা হয়। এ কার্যক্রম বছরব্যাপী চলবে বলে জানান মেয়র তাপস।

তিনি বলেন, "এই কার্যক্রম স্বল্প সময়ের জন্য নয়, চলমান থাকবে এবং প্রতিটি ওয়ার্ডের সকল নর্দমা মাসে দুবার করে পরিষ্কার করা হবে।"

সেবা প্রাপ্তি নিশ্চিত করতে জনগণকেও সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "কোথাও যদি নর্দমা আটকে যায়, যদি উপচে পড়ে কিংবা যদি কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়, তাহলে আপনারা কাউন্সিলরদের মাধ্যমে সিটি করপোরেশনকে জানাবেন। তারপরও যদি সুরাহা না হয়, তাহলে সরাসরি আমাকে জানাবেন।"

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, সচিব আকরামুজ্জামান এবং ২২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা এ সময় উপস্থিত ছিলেন।