অনলাইনে হবে বিটিসিএল টেলিফোন সংযোগ আবেদন
নতুন টেলিফোন সংযোগের জন্য অনলাইনে আবেদন করার সুবিধা চালু করেছে রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
করোনাভাইরাস সংকটে গ্রাহকের জন্য এ সুবিধা অত্যন্ত সহায়ক হবে বলে আশা করছে বিটিসিএল।
বর্তমানে মুজিববর্ষ উপলক্ষে দেশব্যাপী বিনামূল্যে টেলিফোন সংযোগের অফার চলছে। শুধু জামানতের টাকা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে।
বিটিসিএল জানায়, ব্যাংকে না গিয়ে বাসায় বসে অনলাইনে জামানতের টাকা পরিশোধের ব্যবস্থা ‘খুব শিগগিরই’ চালু করা হবে। এর ফলে বিটিসিএলের টেলিফোন বা ইন্টারনেট সার্ভিস গ্রহণের জন্য আর বাসার বাইরে বা বিটিসিএল অফিসে যাওয়ার প্রয়োজন হবে না।
গত অক্টোবরে ‘টেলিসেবা’ অ্যাপ চালু করা হয়, এর মাধ্যমে টেলিফোন ও ইন্টারনেট সার্ভিসের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং বিল পরিশোধ করা যাচ্ছে।
গ্রাহকসেবার মানোন্নয়নের জন্য বিটিসিএলের অন্যান্য সেবাও অনলাইনের আওতায় আনার কাজ চলছে বলে জানায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি।
