২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইনে একাদশে ভর্তির বিজ্ঞপ্তি, ট্রাস্ট কলেজকে শোকজ

সরকারের নির্দেশনা অমান্য করে অনলাইনে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রচার করায় ঢাকার উত্তরার ট্রাস্ট কলেজকে শোকজ করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2020, 09:31 PM

Updated : 18 Aug 2022, 03:13 PM

আগামী সাত দিনের মধ্যে শোকজের জবাব দিতে কলেজটির অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের সভাপতিকে বৃহস্পতিবার চিঠি পাঠিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

বেশ কয়েক বছর ধরে ঢাকা বোর্ড কেন্দ্রীয়ভাবে দেশের সব সরকারি-বেসরকারি কলেজের একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম সম্পন্ন করে আসছে।

গত ৩১ মে মাধ্যমিকের ফল প্রকাশ করা হলেও কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে এবার একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু করতে পারেনি ঢাকা বোর্ড।

এমন পরিস্থিতিতে গত ১৪ জুন আন্তঃশিক্ষা বোর্ড কলেজগুলোকে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রচার-প্রচারণা বন্ধ করতে নির্দেশ দেয়।

কোনো শিক্ষা প্রতিষ্ঠান নিজেরা অনলাইনে ভর্তি বিজ্ঞপ্তি প্রচার করলে তা এবারের ভর্তি নীতিমালার পরিপন্থি বলেও স্মরণ করিয়ে দিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড।

বিধি বহির্ভূতভাবে কোনো শিক্ষার্থী কোনো প্রতিষ্ঠানে ভর্তি হলে তাদের রেজিস্ট্রেশন এবং বোর্ড পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের কোনো সুযোগ থাকবে না বলেও সতর্ক করা হয়েছিল।

ট্রাস্ট কলেজের অধ্যক্ষকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, “আপনার প্রতিষ্ঠান নিজস্ব অনলাইনে কিংবা ফেইসবুকের মাধ্যমে ভর্তি এবং ভর্তির বিজ্ঞপ্তি প্রচার করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে, যা ভর্তি নীতিমালা ২০২০-২১ এর পরিপন্থি এবং আন্তঃশিক্ষা বোর্ডের সতর্কীকরণ বিজ্ঞপ্তির সুস্পষ্ট লংঘন।

“অবিলম্বে এ ধরনের ভর্তি বিজ্ঞপ্তি ও প্রচার-প্রচারণা বন্ধের নির্দেশ দেওয়া হলো এবং পত্র ইস্যুর তারিখ হতে সাত কর্মদিবসের মধ্যে উপযুক্ত কারণ ব্যাখ্যা করতে অনুরোধ করা হল।”