২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭২৫০ বিদেশফেরতকে জরুরি অর্থ সহায়তা দিচ্ছে ব্র্যাক

করোনাভাইরাস মহামারীর মধ্যে বিদেশ থেকে ফেরত আসা সাত হাজার ২৫০ জন অভিবাসী কর্মীকে জরুরি সহায়তা হিসেবে নগদ তিন কোটি টাকা অর্থ সহায়তা দিচ্ছে ব্র্যাক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2020, 09:09 PM

Updated : 10 Oct 2022, 07:14 PM

বৃহস্পতিবার এক ভার্চুয়াল আয়োজনে ব্র্যাকের অভিবাসন কর্মসূচির আওতায় দেওয়া সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন।

ব্র্যাক জানিয়েছে, জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এবং স্থানীয়ভাবে ব্র্যাকের মাঠকর্মীদের দ্বারা বিদেশ ফেরতদের প্রকৃত অবস্থা যাচাই-বাছাইয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে এ সহযোগিতা। তালিকা প্রস্তুত করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে নগদ অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে।

ইতোমধ্যে এক হাজার ৫৪৫ জন বিদেশফেরত কর্মীর কাছে ৬১ লাখ ৮০ হাজার টাকা পৌঁছে দেওয়া হয়েছে জানিয়ে সংস্থাটি বলেছে, বাকি পাঁচ হাজার ৭০৫ জনের যাচাই-বাছাই চলছে। তারাও ‘দ্রুততম সময়ের’ মধ্যে জরুরি এই অর্থ-সহায়তা পেয়ে যাবেন।

ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন সংস্থার অর্থায়নে আইওএম-ব্র্যাকের যৌথভাবে পরিচালিত প্রত্যাশা প্রকল্প, চিলড্রেন ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশন (সিফ) এবং ব্র্যাক ইউকের যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে নগদ এই অর্থ প্রদান করা হচ্ছে।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, মালয়েশিয়া, লিবিয়া, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেরত আসা শ্রমিকরা এই সহায়তা পাচ্ছেন।

ব্র্যাক জানিয়েছে, শুধু জরুরি সহায়তা নয়, ব্র্যাকের নিজস্ব অর্থায়ন ও দাতাদের সহায়তায় বিদেশফেরতের মনঃসামাজিক সেবা, দক্ষতা তৈরি, অর্থনৈতিক পুনরেকত্রীকরণের জন্য আগামী তিন বছরে প্রায় ১০০ কোটি টাকা পরিকিল্পিতভাবে খরচের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, ”প্রবাসীদের কল্যাণ নিশ্চিতে সরকার কাজ করছে। কিন্তু এই মুহূর্তে যেটা দরকার, সেটা হচ্ছে সবার সম্মিলিত প্রচেষ্টা। এই মুহূর্তে দরকার দৃশ্যমান কোনো সহায়তা, যা সরাসরি কাজে লাগতে পারে।”

ব্র্যাকের পথ ধরে বায়রাসহ অন্যান্য দাতা ও বিভিন্ন বেসরকারি সংস্থাকে প্রবাসী কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

ভার্চুয়াল অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকায় ডেনমার্ক দূতাবাসের উপ-প্রধান রেফিকা হেইতা, ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক কে এ এম মোর্শেদ, অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান, সিঙ্গাপুরফেরত কর্মী টাঙ্গাইলের রাশেদুল হাসান রুমী, ব্রুনাইফেরত সিরাজঞ্জের শওকত হোসেন ও সৌদিফেরত নরসিংদীর হোসেন মিয়া বক্তব্য দেন।