ইতালি ফিরে গেলেন ২৫৯ প্রবাসী বাংলাদেশি
কোভিড-১৯ মহামারীর মধ্যে ইতালি ফিরে গেলেন ২৫৯ প্রবাসী বাংলাদেশি।
বুধবার বেলা ১২টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা থেকে রোমের পথে রওনা হন বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহা ব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান।
তিনি বলেন, “করোনাভাইরাস সঙ্কটের মধ্যে ফ্লাইট বন্ধ থাকায় তারা দেশে আটকা পড়েছিলেন। বিমানের বিশেষ ফ্লাইটে আজ তারা ফিরে গেলেন।
করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বে বিমান যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে ভিনদেশে আটকা পড়েন।
তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের ভাড়ায় বিশেষ ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হয়। বিদেশে আটকা পড়া বাংলাদেশিদেরও একইভাবে ফেরানো হয়।
এর আগে গত ১২ জুন ২৮৭ জন বিমানের বিশেষ ফ্লাইটে ইতালি ফিরে যান।
