পাসপোর্ট জমার শর্তে কারা কর্মকর্তা সোহেল রানার জামিন
অর্থপাচার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার সোহেল রানা বিশ্বাসকে জামিন দিয়েছে উচ্চ আদালত।
পাসপোর্ট জমা দেওয়ার শর্তে মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ থেকে তাকে জামিনের আদেশ হয়।
সোহেল রানার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নাহিদ সুলতনা যুথী ও শাকিলা রওশন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
খুরশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোহেল রানা বিশ্বাসকে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন দেওয়া হয়েছে মামলাটির পুলিশ প্রতিবেদন না হওয়া পর্যন্ত।”
দুদক এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবে বলেও জানান তিনি।
২০১৮ সালের ২৬ অক্টোবর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস থেকে নগদ ৪৪ লাখ ৪৩ হাজার ‘অবৈধ’ টাকা ও ফেনসিডিলসহ সোহেল রানাকে আটক করে রেল পুলিশ।
এছাড়া তার কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেওয়া ১ কোটি ৩০ লাখ টাকার চেক ও তার স্ত্রীর নামে ২ কোটি ৫০ লাখ টাকার এফডিআর সংক্রান্ত নথিও উদ্ধার করা হয়।
পরে সোহেল রানার বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানার এসআই মো. আশ্রাফ উদ্দিন ভূঁইয়া বাদি হয়ে মাদক ও অর্থপাচার আইনে দুটি মামলা করেন।
এ ঘটনার পর কারা কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করে।
