সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালকের মৃত্যু
ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মুজিবুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ শেখ শহীদ উল্লাহ জানান।
মেডিসিন বিশেষজ্ঞ মুজিবুর সরকারি চাকরি থেকে অবসরের পর সাভারের এনাম মেডিকেল কলেজেও অধ্যাপনা করেছেন।
সোমবার পর্যন্ত দেশে ৯০ হাজার ৬১৯ জনের কোভিড-১৯ ধরা পড়ার এবং ১ হাজার ২০৯ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আক্রান্তদের মধ্যে অনেক স্বাস্থ্যকর্মীও রয়েছেন। বিএমএর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশে চিকিৎসক, নার্সসহ ৩ হাজার ২৩৫ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে চিকিৎসক আছেন ১ হাজার ১৯ জন। ৩০ জন চিকিৎসক কোভিড-১৯ সংক্রমণ নিয়ে এবং ৫ জন এ ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন।
