২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাই থেকে ফিরলেন ১৫৮ বাংলাদেশি

কোভিড-১৯ মহামারীর মধ্যে দুবাইয়ে আটকে পড়া ১৫৮ বাংলাদেশি দেশে ফিরেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2020, 11:30 AM

Updated : 08 Apr 2022, 12:56 AM

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার জিএম মো.কামরুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৭টা ১৩ মিনিটে দুবাই থেকে ১৫৮ জন বাংলাদেশি ইউএস বাংলার বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রত্যেক যাত্রীর জন্য করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট, দুই জোড়া ডিসপোজেবল গ্লভস ও মাস্ক রাখার বাধ্যবাধকতা ছিল।

দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।

করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বের বিমান যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে ভিনদেশে আটকা পড়েন।

এখন চীন ছাড়া প্রায় সব দেশের সঙ্গেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছে বাংলাদেশ।

তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের ভাড়ায় বিশেষ ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে। বিদেশে আটকা পড়া বাংলাদেশিদেরও একইভাবে ফেরানো হচ্ছে।

এরই মধ্যে লন্ডন,সৌদি আরব,ব্যাংকক, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত থেকে বিভিন্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে কয়েক শতাধিক বাংলাদেশি দেশে ফিরেছেন।