চুরি করতে গিয়ে ফ্ল্যাটে বসবাস করা যুবক কারাগারে
গুলশানের নর্থ অ্যান্ড কফির ব্যবস্থাপনা পরিচালক যুক্তরাষ্ট্রের রিচার্ড হাবার্ডের ফ্ল্যাটে চুরি করতে এসে তিন দিন থাকা-খাওয়ার পর গ্রেপ্তার যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।
মো. মাসুমকে (৩২) সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।
গুলশান থানায় তার বিরুদ্ধে দায়ের করা চুরির মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তদন্ত ও প্রসিকিউশন বিভাগ থেকে এ তথ্য জানা যায়।
বেশ কিছু দিন ধরে ক্যাফে বন্ধ থাকায় রিচার্ড হাবার্ড দেশে ফিরে যান। ফ্ল্যাটটি খালি থাকলেও এর ভেতরে ছিল সিসি ক্যামেরা।
মামলায় বলা হয়েছে, গুলশানের ঘরটি নিরাপদে আছে কি না সে বিষয়ে নজরদারির জন্য নিজের মোবাইল ফোন থেকে যুক্তরাষ্ট্রের ঘরে বসেই নিয়মিত সিসি ক্যামেরার ফুটেজ দেখতেন রিচার্ড। শনিবারের ফুটেজে হঠাৎ দেখতে পান কেউ তার ঘরে হাঁটাহাঁটি করছে। ফ্রিজ থেকে খাবার ও ওয়াইন নিয়ে টেবিলে রেখে এক যুবকের নাচের দৃশ্য দেখে অবাক হন তিনি। সঙ্গে সঙ্গে জানান তার বাংলাদেশের সহকর্মীকে।
তিনি থানায় খবর দিলে শনিবার রাতে গুলশান এভিনিউয়ের ৮৯ নম্বর সড়কের ভবনে ঢোকে পুলিশ। ফ্ল্যাটে ঢুকে কাউকে দেখতে না পেলেও টেবিলের ওপর কিছু রান্না করা খাবার ভর্তি কড়াই, জুসের প্যাকেট ও ওয়াইনের বোতল দেখতে পান তারা।
পুলিশের উপস্থিতি টের পেয়ে লুকিয়ে ছিলেন মাসুম। কয়েক মিনিটের মধ্যেই একটি বেডরুমের টয়লেট থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মাসুম মাদকাসক্ত এবং পেশায় চোর।
