লিবিয়ায় বাংলাদেশি হত্যা: ২৬ মামলায় গ্রেপ্তার ৫২ ‘পাচারকারী’
লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনা তদন্তে সংশ্লিষ্টতার অভিযোগে এখন পর্যন্ত ৫২ জন ‘মানবপাচারকারীকে’ গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
সোমবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬টি মামলায় সিআইডি, ডিএমপি ও র্যাব অন্যান্য ইউনিট তাদের গ্রেপ্তার করেছে।
মানবপাচারকারীদের বিরুদ্ধে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনার পর মাঠ পর্যায়ে ব্যাপক তৎপরতা চালিয়ে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ২৮ মে লিবিয়ার ত্রিপলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণের শহর মিজদাহতে ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে একদল মানব পাচারকারী ও তাদের স্বজনরা। ওই ঘটনায় চার আফ্রিকান অভিবাসীও নিহত হন।
ওই ঘটনায় বেঁচে যাওয়া একজনের বরাতে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উন্নত জীবিকার সন্ধানে ইউরোপ যাওয়ার জন্য লিবিয়ায় দুর্গম পথ পাড়ি দিচ্ছিলেন ৩৮ বাংলাদেশি। বেনগাজি থেকে মরুভূমি পাড়ি দিয়ে মানবপাচারকারীরা তাদের ত্রিপোলি নিয়ে যাচ্ছিল।
ত্রিপলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণের শহর মিজদাহতে ওই দলটি লিবিয়ার মিলিশিয়া বাহিনীর হাতে জিম্মি হয়। তখন পাচারকারীরা আরও টাকা দাবি করে।
এ নিয়ে বচসার মধ্যে আফ্রিকার মূল পাচারকারীকে মেরে ফেলা হলে তার পরিবার এবং বাকি পাচারকারীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে ৩০ জনকে হত্যা করে, আরও ১১ জন আহত হন।
এ হত্যাকাণ্ডের খবর প্রকাশের পর বাংলাদেশে মানবপাচারকারীদের ধরতে মাঠে নামে পুলিশ-র্যাব। একের পর এক ঘটনা উদঘাটনের সঙ্গে সঙ্গে মামলা দায়ের এবং মানব পাচারে জড়িতদের গ্রেপ্তার করা হয়।
