হাই কোর্টে জামিন হয়নি সাবেক কাউন্সিলর রাজীবের
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জামিন পাননি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ সোমবার রাজিবের জামিন আবেদনটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত মুলতবি (স্ট্যান্ডওভার) রাখার আদেশ দেয়।
আদালতে আবেদনের শুনানি করেন আইনজীবী এম ফেরদৌস আল বশির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি কাজী শামসুন নাহার কনা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ।
এ কে এম আমিন উদ্দিন মানিক পরে সাংবাদিকদের বলেন, “মামলাটি তদন্তাধীন। এ পর্যায়ে জামিন হলে তদেন্ত কাজে বিঘ্ন সৃষ্টি হতে পারে। ফলে আদালত জামিন না দিয়ে তার আবেদনটি স্ট্যান্ডওভার রেখেছেন।”
গত ৬ ফেব্রুয়ারি এ মামলায় রাজীবের জামিন আবেদন খারিজ করেন ঢাকার বিশেষ জজ আদালত। সেই আদেশের বিরুদ্ধে হাই কোর্টে এই আবেদন করেছিলেন তারেকুজ্জামান রাজীব।
র্যাব সদস্যরা গতবছরের ১৯ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের তখনকার কাউন্সিলর রাজীবকে আটক করে।
পরে ৬ নভেম্বর দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী ২৬ কোটি ১৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, কাউন্সিলর রাজীবের নামে স্থাবর-অস্থাবর মিলে মোট ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৯০৫ টাকার সম্পদ পাওয়া গেছে।
“অনুসন্ধানে দেখা গেছে, কাউন্সিলর থাকাকালে তিনি ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ওই পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এসব সম্পদের বৈধ উৎস খুঁজে পাওয়া যায়নি।”
