হাই কোর্টে জামিন হয়নি ডেসটিনির রফিকুল আমীনের
অর্থ পাচারের দুই মামলায় হাই কোর্টে আবেদন করে জামিন মেলেনি ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের।
সোমবার তার জামিন আবেদনটি শোনার পর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ বিষয়টি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।
আদালতে রফিকুল আমীনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল মতিন খসরু। সঙ্গে ছিলেন আইনজীবী উজ্জল ভৌমিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
খুরশীদ আলম খান পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভার্চুয়াল কোর্ট রফিকুল আমীনকে জামিন দেননি। আবেদনটি নিয়ে নিয়মিত আদালতে যেতে বলেছেন।”
দুর্নীতি দমন কমিশন ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনি গ্রুপের কর্মকর্তাদের বিরুদ্ধে দুটি মামলা করে। তদন্ত শেষে ২০১৪ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, ডেসটিনি গ্রুপের নামে ২৮টি প্রতিষ্ঠানের মধ্যে বেশ কয়েকটি ছিল নামসর্বস্ব। আসামিরা প্রথমে প্রোজেক্টের টাকা বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে জমা করতেন, তারপর বিভিন্ন ব্যাংকের হিসাবে তা স্থানান্তর করা হত।
দুদক ৩৪টি ব্যাংকে এ রকম ৭২২টি হিসাবের সন্ধান পায়, যেগুলো পরে জব্দ করা হয়। আত্মসাত করা চার হাজার ১১৯ কোটি টাকার মধ্যে ৯৬ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ আনা হয় দুই মামলায়।
গত বছর ২৪ অগাস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগ গঠনের মধ্য দিযে এ দুই মামলায় আসামিদের বিচার শুরু করেন।
ডেসটিনি-২০০০ লিমিটেড নামে মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি দিয়ে ২০০০ সালে ডেসটিনি গ্রুপের যাত্রা শুরু। এক দশকের মধ্যে বিমান পরিবহন, আবাসন, কোল্ডস্টোরেজ, জুট মিল, মিডিয়া, বনায়নসহ বিভিন্ন খাতে ৩৪টি কোম্পানি খুলে বসে এই গ্রুপ।
কিন্তু মাল্টিলেভেল মার্কেটিংয়ের নামে ২০ লাখের বেশি মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে তা আত্মসাতের অভিযোগে মামলা হলে গ্রেপ্তার হয়ে কারাগারে যান কোম্পানির অধিকাংশ শীর্ষ কর্মকর্তা, বাকিরা লাপাত্তা হয়ে যান।
দুদকের নোটিসে সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ার মামলায় রফিকুল আমীনকে ইতোমধ্যে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার জজ আদালত।
