দুর্যোগে দুর্নীতিবাজরা কি প্রধানমন্ত্রীর চেয়ে ক্ষমতাশালী: টিআইবি
করোনাভাইরাস মহামারীর অভূতপূর্ব সংকটে স্বাস্থ্য সরঞ্জাম ক্রয় ও ত্রাণ বিতরণে ব্যাপক অনিয়মের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলোকে ‘নামমাত্র’ আখ্যা দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল,বাংলাদেশ-টিআইবি।
সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ‘করোনাভাইরাস সংকট মোকাবিলায় সুশাসনের চ্যালেঞ্জ’ শিরোনামে গবেষণা প্রতিবেদনে এই প্রতিক্রিয়া জানিয়েছে দুর্নীতি নজরদারিতে বেসরকারি সংস্থাটি।
করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর ঘোষণাসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করলেও অনিয়ম ও দুর্নীতি কার্যকরভাবে রোধ করতে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার সমালোচনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলায় সরকারের প্রয়াস ছিল এটা মানতে হবে। এমন সমস্যাকে জাতীয় দুর্যোগ হিসাবে ঘোষণা করার পর সবাইকে সম্পৃক্ত করার সুযোগ ছিল, যা প্রধানমন্ত্রীর ঘোষণায়ও এসেছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, করোনাকালে কোনো ধরনের দুর্নীতিকে ছাড় দিবেন না।
“কিন্তু আমাদের পর্যবেক্ষণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পণ্য ক্রয় এবং মাঠ পর্যায়ে সরকার ও সরকারের বাইরে ত্রাণ বিতরণে ব্যাপক দুর্নীতির দেখা গেছে। যারা জড়িত তারা রাজনৈতিকভাবে প্রভাবশালী মহল, জনপ্রতিনিধি। যতটুকু পদক্ষেপ হয়েছে তা নামমাত্র, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি।”
ইফতেখারুজ্জামান বলেন, “করোনার মতো এ দুর্যোগে সরকারকে স্বাভাবিকভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। তবে সরকারি ক্রয় বিতরণ খাতে স্বচ্ছ নীতিমালা অনুসরণ করা জরুরি, যা হয়নি। যে কারণে এন-৯৫ মাস্ক ক্রয়ে কেলেঙ্কারি ঘটেছে। সেই কেলেঙ্কারি উদঘাটনে যে কমিটি গঠিত হয়েছে, তার প্রতিবেদন চাপা রাখা হয়েছে। প্রতিবেদনের সিদ্ধান্ত আমরা জানি না।”
তিনি বলেন, “শুরু থেকে প্রধানমন্ত্রী দুর্নীতি বিরোধী ঘোষণা দিয়েছেন, তারপরও দুর্নীতি-অনিয়মের ঘটনা ঘটেছে- এটা তার ঘোষণার সাথে সাংঘর্ষিক। এ ধরণের দুর্নীতির বিচার না হওয়ার কারণে আমাদের ভাবতে হচ্ছে এর মধ্যে এমন সুবিধাবাদী রয়েছে যারা প্রধামন্ত্রীর চেয়ে বেশি ক্ষমতাশালী। এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক।”
করোনাভাইরাস বিষয়ক কার্যক্রমে সুশাসনের সাতটি সূচকের প্রতিটি ক্ষেত্রেই উল্লেখযোগ্য ঘাটতি ছিল মন্তব্য করে টিআইবি প্রধান বলেন, “কোনো কোনো ক্ষেত্রে বিব্রতকর ঘাটতি ছিল। এক্ষেত্রে নাগরিক সমাজ কিংবা বিশেষজ্ঞদের কাছ থেকে আসা পরামর্শ খুব বেশি আমলে নেওয়া হয়নি। বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী পদক্ষেপ ছিল। প্রথম দেড় মাসে সরকারের অনেক পর্যায় থেকে আত্মতুষ্টিতে থাকার প্রমাণ মিলেছে।
“খাদ্য নিরাপত্তায় পদক্ষেপ দেরিতে হলেও শুরু হয়। পরবর্তীতে অনিয়মের কারণে বন্ধ হয়ে যায়, যা দুঃখজনক। জাতীয় কমিটির বিলম্বে গঠিত হয়। দক্ষিণ এশিয়ার মধ্যে এখনো পরীক্ষার মানদণ্ডে সবার নিম্নে বাংলাদেশ। স্বাস্থ্যখাত সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ছিল। এ পরিস্থিতিতে সেটা সামনে চলে এসেছে। করোনার বাইরেও অনেক রোগী স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। ফলে করোনার বাইরেও অনেক মানুষ মারা যাচ্ছে।”
ইফতেখারুজ্জামান বলেন, সামাজিক দূরত্ব যথাযথ রাখতে ঘোষিত পদক্ষেপ বাস্তবায়নে সরকারে উদ্যোগের ঘাটতি ছিল। জীবন ও জীবাকার দ্বন্দ্ব ছিল। এক্ষেত্রে পর্যাপ্ত পরিকল্পনা ছিল না। বিশেষ করে পোশাক শিল্পের ক্ষেত্রে এরূপ চিত্র দেখা গেছে। একবার চালু করা, বন্ধ করে আবার চালু করা। অর্থনীতির কার্যক্রম চালুর অজুহাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা হয়েছে।
মতপ্রকাশের স্বাধীনতা ‘ব্যাপকভাবে খর্ব’ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “সাংবাদিকদের হয়রানি করা হয়েছে। আইসিটি অ্যাক্টে মামলা ও গ্রেপ্তার হয়েছে। এমনকি পেশাজীবি ডাক্তার কিংবা অন্যান্যরাও হয়রানির শিকার হয়েছেন।”
মহামারী মধ্যে টিআইবি দেশের ৩৮টি জেলা ও ৪৭টি হাসপাতালের কোভিড-১৯ পরীক্ষা এবং ৪৬টি জেলায় সরকারের ত্রাণ বিতরণের ওপর গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছে।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. জুলকারনাইন, প্রোগ্রাম ম্যানেজার মনজুর ই খোদাসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
টিআইবির গবেষণা পর্যবেক্ষণে বলা হয়, করোনাভাইরাস মোকাবেলায় সরকারের গৃহীত কার্যক্রমে সুশাসনের প্রতিটি নির্দেশকের ক্ষেত্রে ব্যাপক ঘাটতি বিদ্যমান। সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রমে পরিকল্পনা ও সমন্বয়ের ঘাটতি প্রকটভাবে লক্ষণীয়। দীর্ঘসময় ধরে পরিকল্পনাহীনতা, সুশাসনের ঘাটতি ও অপ্রতুল বাজেট বরাদ্দের কারণে স্বাস্থ্যখাতের দুর্বল সক্ষমতা করোনা সঙ্কটে উন্মোচিত হয়েছে।
তিনমাস সময় পেয়েও করোনাভাইরাস মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ না করা- একদিকে প্রস্তুতিহীনতা সমন্বয়হীনতা এবং অব্যস্থাপনার কারণে করোনাভাইরাস আক্রান্তের অনুপ্রবেশ চিহ্নিতকরণ ও নিয়ন্ত্রণে ব্যর্থতা ছিল বলে মনে টিআইবি।
অন্যদিকে সুযোগ থাকা সত্ত্বেও পরীক্ষাগারের সম্প্রসারণ না করে বিপুল সংখ্যক মানুষকে পরীক্ষার আওতায় বাইরে রাখা এবং কঠোরভাবে চলাচল নিয়ন্ত্রণ না করার কারণে সংক্রমণের বিস্তার লাভ করেছে বলে জানানো সংবাদ সম্মেলনে।
দুর্নীতিবিরোধী বেসরকারি সংস্থাটির মতে, লকডাউনসহ সকল ক্ষেত্রে বিশেষজ্ঞ মতামত উপেক্ষা করে আমলা নির্ভর সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা ছিল।
তথ্য প্রকাশে বিধিনিষেধ আরোপের মাধ্যমে অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনাকে আড়াল করা ও দুর্নীতিগ্রস্তদের বদলে দুর্নীতির তথ্য প্রকাশকারীকে হয়রানি ও নিয়ন্ত্রণ করার প্রবণতা প্রকারান্তরে দুর্নীতিকে উৎসাহ দিয়েছে মনে করে টিআইবি।
