ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে স্পিকারের শোক
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, এক শোক বার্তায় স্পিকার শেখ আব্দুল্লাহর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শনিবার রাতে ঢাকার সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান শেখ আবদুল্লাহ। ৭৪ বছর বয়সী আবদুল্লাহর ‘হার্ট অ্যাটাক’ হয়েছিল বলে তার একান্ত সচিব জানিয়েছেন।
১৯৪৫ সালে গোপালগঞ্জ জেলার কেকানিয়া গ্রামে জন্মগ্রহণ করা আব্দুল্লাহ দীর্ঘদিন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের গত কমিটিতে ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন তিনি।
তার মৃত্যুতে আলাদা বার্তায় শোক জানিয়েছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী।
