নেটওয়ার্ক সমস্যায় টেলিটকে ভোগান্তি
বৈদ্যুতিক গোলযোগে নেটওয়ার্ক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার কিছু এলাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে টেলিটকের গ্রাহকদের।
শনিবার সকাল ৮টা থেকে ঢাকার কয়েকটি এলাকার টেলিটক গ্রাহকদের ইনকামিং ও আউটগোয়িং কল বন্ধ রয়েছে। ইন্টারনেট সেবায়ও পাচ্ছেন না তারা।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে মগবাজার ও গুলিস্তান এলাকায় টেলিটকের নেটওয়ার্ক স্টেশন বৈদ্যুতিক গোলযোগে বা ওভার ভোল্টেজে সমস্যায় ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে মিরপুরসহ কয়েকটি এলাকায় টেলিটকের নেটওয়ার্ক সমস্যায় পড়েন গ্রাহকরা।
দুপুর সাড়ে ১২টা নাগাদ দুটি নেটওয়ার্ক স্টেশন মেরামত শেষ হয়েছে এবং গ্রাহকরা পুনরায় স্বাভাবিকভাবে সেবা পেতে শুরু করেছেন জানিয়ে তিনি বলেন,“যন্ত্রপাতি ঠিক করার পর তা পুনরায় চালু করতে কিছুটা সময় লাগে। কিছুক্ষণের মধ্যেই গ্রাহকদের আর কোন সমস্যা থাকবে না।”
গণমাধ্যমকর্মী রশিদ আল রুহানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধানমন্ডি, মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় তিনি টেলিটক নেটওয়ার্ক পাচ্ছিলেন না।
“সকাল থেকে ৩টি এলাকায় ছিলাম। কোথাও টেলিটক সিমের কোনো সেবা নিতে পারিনি। বিকল্প সিমে জরুরি কাজ করতে হচ্ছে।”
“যদি অপারেটরের উন্নয়নগত কোনো কাজের জন্য সেবা বন্ধ থাকে, তাহলে তো আগে এসএমএস করে গ্রাহকদের নোটিস করতে পারতো," ক্ষোভ প্রকাশ করে বলেন এই সংবাদকর্মী।
টেলিটক
আরেক গণমাধ্যম কর্মী প্রশান্ত মিত্র জানান, সকাল সাড়ে ৯টা থেকে তিনি টেলিটক সিমে কোন সেবা নিতে পারছেন না।
“সকালে বসন্ধুরা আবাসিক এলাকা থেকে শ্যামলীর বাসা এসেছি। কোথাও টেলিটকের নেটওয়ার্ক কাজ করেনি। কোন নোটিশ ছাড়া এভাবে নেটওয়ার্ক বন্ধ থাকা অনেক ভোগান্তির।"
একটি অডিট ফার্মের কর্মকর্তা রাশেক রাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টেলিটকের কল, মেসেজ ও ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারছেন না।
“জরুরি যোগাযোগ করতে হচ্ছে এখন অন্য অপারেটরের আরেকটি নাম্বারে। কিন্তু টেলিটকে তো নেট ব্যবহার করি। সেজন্য খুব ঝামেলায় পড়ছি।”
মিরপুরের একটি কিন্ডারগার্টেনের শিক্ষক সানজিদা জুঁই বলেন, "আমি টেলিটক সিমটাই শুধু ইউজ করি। সকালে ঘুম থেকে উঠে দেখি ফুল নেটওয়ার্ক থাকলেও কোনো কাজ করা যাচ্ছে না।”
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসেবে মার্চ শেষ নাগাদ রাষ্ট্রায়াত্ত টেলিটকের গ্রাহক সংখ্যা ৪৯ লাখ ১৩ হাজার।
