কোভিড-১৯ রোগীদের জন্য আইসিটি বিভাগের প্লাজমা নেটওয়ার্ক
দেশে কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় প্লাজমা সংগ্রহ ও সরবরাহের উদ্দেশে নির্মিত হয়েছে অনলাইন প্লাজমা নেটওয়ার্ক ‘সহযোদ্ধা’।
আইসিটি বিভাগ, স্বাস্থ্যসেবা অধিদপ্তর, এটুআই, ইনোভেশন ল্যাব ও ই-জেনারেশনের উদ্যোগে অনলাইন ভিত্তিক এ প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “দেশের জনগণকে স্বাস্থ্য ঝুঁকি থেকে নিরাপদ রাখতে সরকার নানাবিধ উদ্যোগ বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে সুস্থ করতে আইসিটি বিভাগের আরেকটি উদ্যোগ হলো ‘সহযোদ্ধা’ প্ল্যাটফর্ম।
“সরকার বিদ্যমান জনস্বাস্থ্য অবকাঠামো এবং তথ্যপ্রযুক্তি অবকাঠামো কার্যকরীভাবে ব্যবহার করে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যক্তিগত এবং সামাজিক স্বাস্থ্যসেবা উন্নত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্লাজমা নেটওয়ার্ক সহযোদ্ধা আগ্রহী প্লাজমা দাতা এবং গ্রহীতার মধ্যে সেতুবন্ধন ঘটিয়ে করোনাভাইরাসের রোগীকে সুস্থ করে তোলার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশা করেন তিনি।
যারা ইতোমধ্যে করোনা থেকে সেরে উঠেছেন তাদের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করে চাহিদা মোতাবেক সেটি সরবরাহে স্বাস্থ্য খাতকে সহায়তা করতে এ প্ল্যাটফর্ম করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
আগ্রহী প্লাজমা দাতা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সহায়তায় জন্য তৈরি এ ডিজিটাল প্লাজমা ব্যাংকে নিবন্ধন করতে পারবেন। যদি চিকিৎসক প্লাজমা থেরাপি দেওয়ার পরামর্শ দেন, তাহলে আক্রান্ত রোগীর জন্য প্লাটফর্মটিতে প্লাজমা খোঁজা এবং সংগ্রহ করার প্রয়োজনীয় সব সুবিধা থাকছে।
এবিষয়ে বিস্তারিত তথ্য ‘সহযোদ্ধার’ অফিসিয়াল ওয়েবসাইটে (www.shohojoddha.com) রয়েছে।
