২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণবাদবিরোধী চলমান আন্দোলনে শান্তি পরিষদের সংহতি

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনার পর সারাবিশ্বে বর্ণবাদ বিরোধী যে আওয়াজ উঠেছে, তাতে কণ্ঠ মিলিয়েছে বাংলাদেশ শান্তি পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2020, 11:48 PM

Updated : 18 Aug 2022, 03:09 PM

একই সঙ্গে জর্জ ফ্লয়েডকে হত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের যথাযথ তদন্ত ও বিচার দাবি করেছেন শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টূ ও সাধারণে সম্পাদক শাহজাহান খান।

মঙ্গলবার এক বিবৃতিতে তারা বলেন, পুলিশের দ্বারা বিচার বহির্ভূত উপায়ে মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েডের নির্মম হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রের শাসক দলের বর্ণবাদী নীতিকে নগ্নভাবে উন্মোচিত করেছে। এটাও প্রমাণিত হয়েছে যে সেখানে কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ধারাবাহিক সহিংসতা অব্যাহত রয়েছে।

বিবৃতিতে বলা হয়, “মিনেপোলিসের এ হত্যাকাণ্ড মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক মদদে বিদ্যমান বর্ণবাদ এবং সহিংসতার অনিবার্য পরিণতি, যা পুলিশের দ্বারা প্রকাশ্যে এই জাতীয় জঘন্য হত্যাকে কার্যত প্রশ্রয় দেয়।”

কোভিড ১৯ মহামারীর মধ্যে বর্ণবাদবিরোধী যে আন্দোলন চলছে, তাতে সংহতি জানিয়ে বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশে শান্তি পরিষদ মার্কিন জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি এবং মার্কিন সরকারের বর্ণবাদ এবং অগণতান্ত্রিক নীতির বিরুদ্ধে বিশ্বব্যাপী চলমান সমস্ত প্রতিবাদের সাথে আন্তরিক সমর্থন ও সংহতি জ্ঞাপন করেছে।”