২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসে মৃত সাংবাদিকদের পরিবারকে র‌্যাবপ্রধানের সহায়তা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যেসব সাংবাদিক মারা গেছেন, তাদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন র‌্যাব প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2020, 12:46 AM

Updated : 18 Aug 2022, 03:09 PM

বুধবার ঢাকার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক অনুষ্ঠানে তিনি চার সাংবাদিকের পরিবারের হাতে অর্থের চেক তুলে দেন।

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসলাম রহমান, হুমায়ুন কবীর খোকন, মাহমুদুল হাকিম অপু এবং এম মিজানুর রহমান খানের পরিবারকে এক লাখ টাকা করে দিয়েছেন র‌্যাবের মহাপরিচালক।

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন- ক্র্যাবের নেতাদের নিয়ে র‌্যাবের এই অনুষ্ঠানে ক্র্যাবকে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট নিরাময়ের যন্ত্রও দেন র‌্যাব প্রধান।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে যারা কাজ করছেন, তাদের সুরক্ষার উপর জোর দেন আল মামুন।

তিনি বলেন, “এ অবস্থায় নিজের সুরক্ষা থাকাটা সবচেয়ে বড় জরুরি। এটা একমাত্র পারে ব্যক্তিগত সচেতনতা।”

অনুষ্ঠানে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার, মিডিয়া উইং’র পরিচালক সরোয়ার বিন কাশেম, ক্র্যাবের সভাপতি আবুল খায়ের এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু উপস্থিত ছিলেন।

সরোয়ার বিন কাশেম বর্তমান সঙ্কটকালে ‌র‌্যাব সদস্যরা কিভাবে ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন, তা তুলে ধরেন।