কোভিড-১৯: কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আক্রান্ত
কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত সোমবার থেকে তার জ্বর ও হালকা গলাব্যথা ছিল। শনিবার নমুনা দেওয়ার পর সোমবার বিকালে তার রিপোর্ট ‘পজিটিভ’ আসে।
বাসার গৃহকর্মীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জানিয়ে কামরুল বলেন, “আমার স্ত্রীরও উপসর্গ রয়েছে। ওর নমুনা পরীক্ষার ফল এখনও আসেনি।”
এক প্রশ্নের জবাবে কামরুল বলেন, “এর মধ্যে তিনবার মন্ত্রণালয়ে গেছি, খুব সাবধানে ছিলাম। বাজারেও যাইনি। অনলাইনে কিনেছি, বাসায় এসে দিয়ে যেত। তারপরও কীভাবে আক্রান্ত হলাম বুঝতে পারছি না।”
তবে শারীরিকভাবে বড় কোনো সমস্যা নেই জানিয়ে তিনি বলেন, “বাসায় আমাদের দুই বাচ্চা। ওদের কারও লক্ষণ নেই। কিন্তু ওদের জন্য ভয় হচ্ছে। সবাই দোয়া করবেন।”
বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা মো. কামরুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জে।
