ডিজিটালি বিচার অব্যাহত রাখতে আইনে অনুমোদন
সব আদালতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিচারকাজ অব্যাহত রাখতে আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন ২০২০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরার মাধ্যমে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। মহামারীকালে মন্ত্রিপরিষদ বিভাগ ওই ব্রিফিংয়ের অডিও রেকর্ড সাংবাদিকদের সরবরাহ করে।
কোভিড-১৯ মহামারীর মধ্যে ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম চালানোর সুযোগ রেখে গত ৭ মে মন্ত্রিসভা এ সংক্রান্ত অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দেওয়ার পর তার ভিত্তিতে ভার্চুয়াল আদালতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে দেশের দেশের সকল আদালতে বিচার কার্যক্রম অব্যাহত রাখার সুবিধায় ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিচার কার্যক্রম করার জন্য অধ্যাদেশটি আইনে পরিণত করতে হলে একাদশ জাতীয় সংসদের ৮ম অধিবেশনের প্রথম বৈঠকে তারিখ হতে পরবর্তী ৩০ দিনের মধ্যে প্রশাসনিক মন্ত্রণালয়কে জাতীয় সংসদে উপস্থাপন করে অনুমোদন করাতে হবে। না হলে ৩০ দিন অতিবাহিত হলে অধ্যাদেশটি কার্যকারিতা লোপ পাবে।
“এই অবস্থা বিবেচনা করে আইন ও বিচার বিভাগ জাতীয় সংসদে উপস্থাপনের জন্য ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন ২০২০’ শীর্ষক একটি আইনের খসড়ার বিল প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত আইনটি কার্যকর হলে বিদ্যমান প্রেক্ষাপটে ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।”
২৭ ফেব্রুয়ারি পরিসংখ্যান দিবস
প্রতি বছর ২৭ ফেব্রুয়ারি ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ হিসেবে ঘোষণা এবং দিবসটি উদযাপনের মন্ত্রিপরিষদ বিভাগ জারিকৃত পরিপত্রে ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ২০১৩ সালে ‘পরিসংখ্যান আইন’ পাস হয়। সঠিক ও সময়োপযোগী পরিসংখ্যান প্রণয়নে জনগণকে সঠিক তথ্য প্রদানে উদ্বুদ্ধকরণ আবশ্যক। তাই পরিসংখ্যানকে আরও জনকল্যাণমুখী ও মানুষের দোড়গোড়ায় উপস্থাপনে ২৭ ফেব্রুয়ারিকে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ঘোষণা করার প্রস্তাব করা হয়েছে।
“আমরা এটা নোটিফিকেশন করে অ্যাগ্রিড করে নেব।”
বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি গঠনে সায়
নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নের জন্য সরকারি মালিকানাধীন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (নওপাজেকো) এবং চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট এন্ড এক্সপোর্ট কর্পোরেশনের যৌথ উদ্যেগে ‘বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড’ শিরোনামে জয়েন ভেঞ্চার কোম্পানি গঠনের প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার মন্ত্রিসভা বৈঠকে এ সায় দেওয়া হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
পাবনা ও সিরাগঞ্জের সোলার পাওয়ার প্লান্ট, পায়রা উইন্ড পাওয়ার প্ল্যান্ট এবং অন্যান্য স্থানে মোট ২৯০ মে: ও: সৌর ও বায়ুশক্তি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এ কোম্পানির মাধ্যমে বাস্তবায়ন হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ কোম্পানির মাধ্যমে পরিবেশ বান্ধব নবায়নযোগ্য জ্বালানি (সৌর ও বায়ু শক্তি) ব্যবহার করে ৫০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে, ফলে মোট বিদ্যুৎ উৎপাদনের ১০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনকল্পে সরকারের লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম হবে।
এ কোম্পানির অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৬ কোটি টাকা হবে বলে জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।
