২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় তহবিলের ডিজি আনিসুলকে অব্যাহতির আদেশ স্থগিত

শ্রম মন্ত্রণালয়ের অধীন রপ্তানিমুখী শিল্পশ্রমিকদের কল্যাণে গঠিত কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক পদ থেকে এএমএম আনিসুল আউয়ালকে অব্যাহতি দিয়ে নতুন নিয়োগের সরকারি আদেশ ৩০ দিনের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2020, 02:56 PM

Updated : 18 Aug 2022, 03:09 PM

এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আনিসুলের করা রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেয়।

এ আদেশের ফলে তার স্বপদে বহাল থাকার পথে আপাতত আর কোনো বাধা নেই বলে তার আইনজীবীরা জানান।

ভার্চুয়াল আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী সানজিদ সিদ্দিকী শুনানি করেন; রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সানজিদ বলেন, সাবেক যুগ্ম সচিব এএমএম আনিসুল আউয়ালকে ২০১৮ সালের ১ জুলাই থেকে ৩ বছরের জন্য দ্বিতীয় মেয়াদে  চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার। শর্তানুযায়ী তার বিরুদ্ধে কোনো অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তাকে তিন মাসের নোটিস দিয়েই কেবল সরকার চুক্তি বাতিল করতে পারবে।

তিনি বলেন, গত ২ জুন শ্রম মন্ত্রণালয়ের এক আদেশে এ এম এম আনিসুল আউয়ালকে অব্যাহতি দিয়ে সাবেক অতিরিক্ত সচিব মো. আমীর হোসেনকে নতুন মহাপরিচালক নিয়োগ দেয় সরকার।

“কিন্তু কেন্দ্রীয় তহবিলের পরিচালনা পর্ষদ এ এম এম আনিসুল আউয়ালের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলেনি। এমনকি কোনো ব্যাপারে তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য কোনো নোটিসও দেয়নি।”

তাই আনিসুল আউয়াল তার নিয়োগ বাতিল চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন।

সানজিদ বলেন, “আদালতের এ আদেশের ফলে এএমএম আনিসুল আউয়াল স্বপদে বহাল থাকছেন।”

এ এম এম আনিসুল আউয়াল যুগ্ম সচিব হয়ে ২০১৫ তে অবসরে যান। ২০১৭ সালের ২৩ আগস্ট শ্রম মন্ত্রণালয় তাকে কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক হিসেবে প্রথম নিয়োগ দেয়।

২০১৮ সালের ১ জুলাই আবার ৩ বছরের জন্য সে নিয়োগের মেয়াদ বাড়িয়ে নেয় পরবর্তীকে কেন্দ্রীয় তহবিলের পরিচালনা পর্ষদ।