গৃহকর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগ করতে এসে দিতে হল ৭ বছরের বকেয়া
গৃহকর্মীর বিরুদ্ধে চুরির ‘মিথ্যা’ অভিযোগ করতে থানায় গিয়ে উল্টো বকেয়া বেতন বাবদ পৌনে দুই লাখ টাকা দিতে হয়েছে ঢাকার এক গৃহকর্ত্রীকে।
ঢাকা মহানগার পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহিল কাফী জানান, সৈয়দা ফেরদৌস আহমেদ নামের ওই নারী ধানমণ্ডির ৯/এ সড়কের এক বাসায় থাকেন।
তার বাসার গৃহকর্মী সুরমা বেগম মালিহার (২১) বিরুদ্ধে টাকা–পয়সা ও গহনা চুরির অভিযোগ নিয়ে তিনি গত ২০ মে গিয়েছিলেন ধানমণ্ডি থানায়। কিন্তু পরে দেখা যায়, চুরির অভিযোগ মিথ্যা, বরং মালিহাকে বিনা বেতনে তিনি কাজ করিয়েছেন সাত বছর।
সৈয়দা ফেরদৌস থানায় গিয়ে অভিযোগ করার পর মালিহা পুলিশকে বলেন, ওই বাসা থেকে কিছু চুরি করেননি তিনি। গৃহকর্ত্রীর অত্যাচারের কারণে বাসা ছেড়ে তিনি চলে যান।
তদন্তে নেমে পুলিশ ওই বাসার সিসি ক্যামেরার ভিডিও পরীক্ষা করে নিশ্চিত হয়, মালিহা বেরিয়ে গিয়েছিলেন এক কাপড়ে, তার সঙ্গে কিছু ছিল না। ভবনের দারোয়ানের সঙ্গে কথা বলে তিনি বের হন।
মালিহার গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে। ২০১৩ সালের জুলা্ই মাস থেকে তিনি ওই বাসায় কাজ করছিলেন। এই সাত বছরে গৃহকর্ত্রী খাবার আর পরনের কাপড় ছাড়া কোনো বেতন দেননি বলে পুলিশকে জানান মালিহা।
অতিরিক্ত উপ-কমিশনার কাফী বলেন, এ বিষয়ে প্রশ্ন করলে সৈয়দা ফেরদৌস এক পর্যায়ে পুলিশের কাছে স্বীকার করেন, মালিহা কোনো টাকা পয়সা নেননি।
“পরে পুলিশের মধ্যস্থতায় সৈয়দা ফেরদৌস আহমেদ ওই কয় বছরের বেতন বাবদ এক লাখ ৮২ হাজার টাকা দিতে রাজি হন।”
তিনি বলেন, মালিহার অভিভাবক কেউ ঢাকায় থাকতেন না। পরে তার মা হোসেন আরা বেগম এবং তার সৎ বাবা মোসলেমের খোঁজ পাওয়া যায়। তারা থানায় এলে ২৩ মে ৯২ হাজার টাকার চেক এবং ৭ জুন ৯০ হাজার টাকা চেক বুঝিয়ে দেওয়া হয়।
মোসলেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মালিহার মাকে তার আগের স্বামী নানা ধরনের নির্যাতন করত। সহ্য করতে না পেরে তাকে তালাক দিয়ে হোসনে আরা আমাকে বিয়ে করে। কিন্তু পরে সালিশের মাধ্যম মালিহা, তার বোন মুক্তা আর ভাই সাকিবকে আমার কাছ থেকে নিয়ে যায় তাদের বাবা।
“কিন্তু সে তিন শিশু সন্তানের যত্ন নেয়নি। বাচ্চাগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর মুক্তা আর সাকিবকে আমরা পেলেও মালিহাকে পাচ্ছিলাম না। এখন পুলিশের মাধ্যমে তাকেও খুঁজে পেলাম।”
মালিহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯ মে রাত ৮টার দিকে রাগ করে তিনি ধানমণ্ডির ওই বাসায় থেকে বের হয়ে যান। সেদিন তার রাত কাটে এক হাসপাতালের বারান্দায়। পরদিন সেখানে এক নারীকে সব খুলে বললে তিনি মালিহাকে তার বাসায় নিয়ে যান।
“দুই দিন পরে আমি অভিযোগ দিতে থানায় এসে জানতে পারি, আমার নামে উনি চুরির অভিযোগ করেছেন। একটা ভাঙা মোবাইল ছাড়া কিছু ছিল না আমার কাছে। একটা টাকাও ছিল না।”
পুলিশ কর্মকর্তা কাফী বলেন, কষ্টের জীবনের মধ্যে মায়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়ার মালিহা ইচ্ছা করেই কারো সঙ্গে যোগাযোগ রাখেননি এতদিন। রোববার তিনি মা-ভাই-বোন সবার সঙ্গে গ্রামের বাড়িতে ফিরে গেছেন।
মোসলেম বলেন, “মালিহা সবার বড়। ওর ছোট বোন মুক্তাকে বিয়ে দিয়েছি। মালিহাকেও বাড়িতে নিয়ে বিয়ের ব্যবস্থা করব।”
এ ঘটনার বিষয়ে গৃহকর্ত্রী সৈয়দা ফেরদৌস আহমেদের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।
