৬ দফা স্মরণে স্মারক ডাকটিকেট-খাম
‘ছয় দফা শহীদ দিবস’ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট এবং ১০টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম প্রকাশ করেছে ডাক অধিদপ্তর।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন।
বেইলী রোড সরকারি বাসভবন থেকে জুম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী বলেন, “৬৬ সালের ছয় দফা আমাদের মুক্তির সনদ হিসেবে কাজ করেছে।
“দেশের নামটির প্রস্তাবনা ছাড়া স্বাধীনতা ঘোষণার সব কিছুই নিহিত ছিলে এই ছয় দফায়। ছয় দফা মানেই স্বাধীনতার ঘোষণা। এর পর থেকেই বঙ্গবন্ধুর আপসহীন সংগ্রামের কঠিন পথ বেয়ে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে যায় বাঙালি জাতি।”
১৯৬৬ সালের ৭ জুন দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের কথা স্মরণ করে জব্বার বলেন, এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গি, ঢাকা ও নারায়ণগঞ্জে তৎকালীন পুলিশ ও ইপিআরের গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হকসহ অনেক বাঙালি শহীদ হন।
ছয়-দফার মাধ্যমেই গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার প্রস্তুতি কাজ সম্পন্ন করা হয়েছিলে উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, “মানুষ আগে থেকে তৈরি না থাকলে যুদ্ধে আমরা জয়ী হতে পারতাম না। বঙ্গবন্ধু সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।”
করোনাভাইরাস সঙ্কটে নানা প্রতিকূলতা সত্ত্বেও ঐতিহাসিক ৭ জুন উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করা এবং জীবনের ঝুঁকি নিয়েও টেলিকম ও ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখার জন্য তার অধীনস্থ দপ্তর ও সংস্থার সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী জব্বার।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. নূর-উর-রহমান, অতিরিক্ত সচিব মো. আজিজুল ইসলাম এবং শাহাদাৎ হোসেন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হারুন অর রশীদ ভিডিওতে সংযুক্ত থেকে বক্তৃতা করেন। ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
